
কেন্দ্র ও রাজ্যের টানাপোড়নের মুখে নাকি বন্ধের মুখে আদ্যাপীঠ মন্দির। আজ দুপুর তিনটের সময় নাকি সাংবাদিক সম্মেলন করার কথা মন্দির কর্তৃপক্ষের। সেখানে উপস্থিত থাকবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কামারহাটি পৌরসভার গোপাল সাহা বলে খবর। যদিও এই খবরের সত্যতা জানাতে আদ্যাপীঠে ফোন করছিল bangla.aajtak.in। আর মন্দির কর্তৃপক্ষের তরফে সরাসরি এই দাবি নাকোচ করে দেওয়া হয়েছে।
মন্দিরের তরফ থেকে দাবি, 'কেন বন্ধ হয়ে যাবে আদ্যাপীঠ? যদি কোনও রাজনৈতিক দল এই ধরনের কথা বলে থাকে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন।'
পাশাপাশি তাঁদের পক্ষ আরও বলা হয়, 'শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। ১১২ বছর ধরে এই মন্দির চলমান। এটা বন্ধ হওয়ার কোনও কথাই নেই। ঠাকুরের অসমাপ্ত কর্মযজ্ঞ এগিয়ে যাওয়া হচ্ছে এই মন্দির।'
এই কর্মযজ্ঞ চলবে..
এখানে ২৫০০ জন থাকেন। রয়েছে অনাথালয়। প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম রয়েছে। সংসারে যাঁদের কেউ নেই, তাঁদের জন্য এটা বিশাল আশ্রয়। এখানে চ্যারিটেবল ডিসপেনসরি রয়েছে। সেখানে ওপিডি সার্ভিস পান গরিব মানুষ। মায়ের কৃপায়, সবার কৃপায় এই কর্মকাণ্ড থামবে না বলে জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ।
রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে কী দাবি?
মন্দির কর্তৃপক্ষের তরফে জানান হয়, বর্তমানে যিনি আদ্যাপীঠের সেক্রেটরি, সেই মুরাল ভাইয়ের কাছে সকলেই আসেন। সব রাজনৈতিক দলের নেতারাই দেখা করে যান। তাই বলে আদ্যাপীঠ কোনও দলের সমর্থক নয়। কোনও দলের অভ্যন্তরীণ বিষয় মাথাও ঘামানো হয় না। দল, মত নির্বিশেষে মানুষ আদ্যাপীঠে আসেন। দেশ এবং মানুষের যাতে উন্নয়ন যাতে হয়, সেটাই চায় আদ্যাপীঠ।
এই বিষয় নিয়ে জানতে গোপাল সাহাকে ফোন করা হয়। তিনি বলেন, 'এই বিষয়টা নিয়ে আমরা কিছু বলতে পারব না। যা জানাবে মন্দির কর্তৃপক্ষই জানাবে।' আর মন্দির কর্তৃপক্ষ গোটা বিষয়টা উড়িয়ে দিল।