
সোমবার থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সন্ধে থেকেই কালো হয়েছে আকাশ। হাওয়াও চলছে। যার জেরে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। তবে সেভাবে বৃষ্টি না হওয়ায় অস্বস্তি রয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী তিনদিনে আরও কমতে পারে তাপমাত্রা।
কেন এমন হাওয়া বদল?
এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ মিটার উচ্চতায় তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই ঝড়বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলায়।
আজ কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। তাই এই সব জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে। শহরে আজ ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝড় বইবার একটা আশঙ্কা রয়েছে। যার ফলে কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় এমনই আবহাওয়া থাকবে।
বুধবার থেকে বাড়বে ঝড়বৃষ্টি
সোমবার থেকেই কলকাতার আবহাওয়া বদলাতে শুরু করেছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের ওয়েদার আরও বেশি বৃষ্টিমুখর হয়ে উঠবে। দ্বিতীয় দফার ভোটের দিন ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। যার ফলে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার মতো জেলাতেও ভরপুর বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ওই দিন রাজ্যের বাকি জেলাতে রয়েছে হলুদ সতর্কতা। এই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝড়ের দাপটও থাকবে।
মাথা রাখতে হবে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাগরে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। যার গতিবেগ ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। তাই শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।
উত্তরবঙ্গে কী পরিস্থিতি?
উত্তরবঙ্গের আবহাওয়ায় খুব একটা বদল হবে না। যেমন বৃষ্টি চলছিল, তেমনটাই চলবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যের এই অংশে এখন বৃষ্টি চলবে।