Advertisement

Adani and Suvendu Adhikari: বড়সড় বিনিয়োগ আসছে? শুভেন্দুর সঙ্গে দেখা করলেন গৌতম আদানির ছেলে করণ

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ২০২২ সালে BGBS সামিটে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে তিনি বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডারসি কেবল, ওয়্যারহাউস ও লজিস্টিক পার্ক সহ একাধিক প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন করণ আদানিমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন করণ আদানি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 9:00 AM IST
  • আদানি গোষ্ঠীকে বিনিয়োগে সহায়তা করবে রাজ্য সরকার
  • ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন আদানি
  • পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বিনিয়োগ ঘিরে জল্পনা

বড়সড় বিনিয়োগ আসতে চলেছে পশ্চিমবঙ্গে? BJP ক্ষমতায় আসার পর দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার দাবি করছেন, ৬ মাসের মধ্যেই বড় বিনিয়োগ আসবে বাংলায়। যার নির্যাস, শিল্পপতি গৌতম আদানির ছেলে করণ আদানি দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। বুধবার সন্ধ্যায় নবান্নতে করণের সঙ্গে মিটিং করেন শুভেন্দু।

আদানি গোষ্ঠীকে বিনিয়োগে সহায়তা করবে রাজ্য সরকার

কেন এসেছিলেন করণ? নবান্নের তরফে জানানো হয়েছে, আদানি পোর্টের এমডি করণ আদানি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক নিছকই সৌজন্যমূলক একটি সাক্ষাত্‍কার ছিল। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বিনিয়োগের জন্য সব রকমের সহযোগিতা করবে রাজ্য সরকার, করণ আদানিকে আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন আদানি

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ২০২২ সালে BGBS সামিটে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে তিনি বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডারসি কেবল, ওয়্যারহাউস ও লজিস্টিক পার্ক সহ একাধিক প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। তাজপুরে আদানিদের প্রস্তাবিত বন্দরের কাজ অনেক দিন ধরেই থমকে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রস্তাবিত বন্দর নির্মাণের চুক্তিপত্র হয়ে গেলেও পরে তা মমতার মন্ত্রিসভায় বাতিল করা হয়। 

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বিনিয়োগ ঘিরে জল্পনা

বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই গৌতম আদানির এই সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের সামুদ্রিক ও বন্দর পরিকাঠামো খাতে আদানি গোষ্ঠী কি আবার নতুন করে আগ্রহ দেখাতে চলেছে? তবে শুধু বন্দর নয়, আদানি গোষ্ঠীর উপস্থিতি ইতিমধ্যেই দেশের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্রে বিস্তৃত। রাস্তা নির্মাণ, বিমানবন্দর পরিচালনা, বিদ্যুৎ সঞ্চালন, ডেটা সেন্টার এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের মতো ক্ষেত্রগুলিতে তাদের বড়সড় বিনিয়োগ রয়েছে। ফলে পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এগোতে চাওয়া বিজেপি সরকারের কাছে আদানি গোষ্ঠী একটি স্বাভাবিক ও সম্ভাব্য কৌশলগত অংশীদার হিসেবে উঠে আসছে।

Advertisement

রাজনৈতিক ও শিল্পমহলের একাংশের মতে, এই সফর ভবিষ্যতে রাজ্যে বড় বিনিয়োগ এবং পরিকাঠামো প্রকল্প ঘোষণার ইঙ্গিতও হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Read more!
Advertisement
Advertisement