Advertisement

Abhishek Banerjee: বেআইনি নির্মাণ মামলায় হাইকোর্টে অভিষেকের সাময়িক স্বস্তি, পুরসভাকেও নির্দেশ

কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার ও তাঁর সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'। বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভা যে নোটিশ জারি করেছিল, তা নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে হাইকোর্ট। পুরসভার নোটিশটি অসম্পূর্ণ ছিল এবং তাতে একাধিক প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে, জানিয়েছে হাইকোর্ট।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 6:59 PM IST
  • সাময়িক স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভার নোটিশ মামলা
  • পুরসভার নোটিশটি অসম্পূর্ণ ছিল, জানিয়েছে হাইকোর্ট

দলের দুর্দিনে অন্তত কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার ও তাঁর সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'। তৃণমূল সাংসদের বাসভবন এবং তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর মালিকানাধীন সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভা যে নোটিশ জারি করেছিল, তা নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে হাইকোর্ট। বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ জানায়, পুরসভার জারি করা নোটিশটি অসম্পূর্ণ ছিল এবং তাতে একাধিক প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে।

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি ঠিক কোন অংশকে বেআইনি বা অননুমোদিত নির্মাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কারণে কলকাতা পুরসভাকে আগামী এক সপ্তাহের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে নতুন করে একটি নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই নোটিশে বাড়ি বা সংশ্লিষ্ট সম্পত্তির ঠিক কোন কোন অংশকে অননুমোদিত নির্মাণ বলে মনে করা হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন নোটিশ পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে ৩ সপ্তাহের মধ্যে পুরসভার কাছে নিজেদের জবাব বা বক্তব্য জমা দিতে হবে। এরপর উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র খতিয়ে দেখে কলকাতা পুরসভার কমিশনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আদালত জানিয়েছে।

এদিকে, মামলাটির পরবর্তী শুনানি কলতাতা হাইকোর্টে ৪ সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে বলে নির্দেশ মিলেছে। অর্থাৎ আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ এই মামলায় সাময়িক স্বস্তি পেল বলে মনে করছে আইনজীবী মহল।

 

Read more!
Advertisement
Advertisement