
নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৭ জনের পরিচয় প্রকাশ করল কলকাতা পুলিশ। বাকি দুই মৃতের পরিচিয় এখনও জানা যায়নি। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এই ঘটনায় ৫ বাংলাদেশি ও ২ ভারতীয়র মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, বাংলাদেশিরা সকলেই চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।
এখনও পর্যন্ত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় প্রকাশ করেছে কলকাতা পুলিশ। তাঁরা হলেন, বিহারের সন্দীপ পাসওয়ান (১৯) এবং শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। বাংলাদেশ থেকে এসেছিলেন আকরাম আলি (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফশানা শরমিন (২৭), স্বর্ণাশিস দত্ত (২ বছর ৮ মাস)। সকলেই একই পরিবারের সদস্য। এছাড়া মৃত্যু হয়েছে আর বাংলাদেশি নাগরিক বাবু আহমেদের (৩৭)। আরও ২ জন মৃতের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
বুধবার রাত ২টো নাগাদ আগুন লাগে ওই হোটেলে। খবর পেয়ে দমকল পৌঁছয়। হোটেলে থাকা প্রায় ৬০ জনকে নিরাপদে বার করে আনা হয়। ধোঁয়ার কারণে অনেকের শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েকজন জ্ঞানও হারান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা।
এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, বহুতলটির অবস্থা জীর্ণ। হোটেল কর্তৃপক্ষ অগ্নিসুরক্ষা বিধি মানেনি। কীভাবে হোটেল চালানোর ছাড়পত্র দিল আগের সরকার, তার তদন্ত হবে।