Advertisement

Kolkata Streets Name: কলকাতার রাস্তা থেকে মুছবে কমিউনিস্ট নেতাদের নাম, উঠবে মূর্তিও? পরিবর্তে আসছেন মধুসূদন-রঙ্গলাল

কলকাতার রাস্তার নামে বড় বদল করতে চলেছে সরকার। মার্কস বা লেনিনের নাম রাখা নাও হতে পারে। এমনকী সরিয়ে দেওয়া হতে পারে ধর্মতলার লেনিনের মূর্তিও।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 9:12 PM IST
  • এসপ্ল্যানেড মোড়ে থাকা লেনিনের মূর্তি সরানো হবে কি না, সেই প্রশ্নও উঠেছে
  • এ বিষয়ে তথাগত রায় জানিয়েছেন, যদি এমন কোনও প্রস্তাব আসে, তাহলে তিনি আশা করেন সংশ্লিষ্ট বোর্ড বিষয়টি বিবেচনা করবে

মার্কস-লেনিনের নাম কি এবার মুছে যাবে কলকাতার রাস্তা থেকে? কলকাতার লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং হো চি মিন সরণির নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি ১০ সদস্যের কমিটি। শুধু কমিউনিস্ট নেতাদের নাম নয়, কলকাতার আরও কয়েকটি রাস্তা ও গুরুত্বপূর্ণ জায়গার নাম বদলের প্রস্তাবও রয়েছে তালিকায়। তবে এখনও কোনও নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুর্গাপুজোর পর কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হওয়ার কথা।

ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, এই কমিটির চেয়ারম্যান। দুর্গাপুজোর পর কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা। সেখানেই কলকাতার রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবগুলি আলোচনায় আসতে পারে।

কমিটির অন্যতম প্রবীণ সদস্য তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, কলকাতার রাস্তা সংক্রান্ত প্রস্তাবগুলি বৈঠকে তোলা হতে পারে। তাঁর কথায়, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অক্টোবরের দুর্গাপুজোর পর সুপারিশ তৈরি করা হবে।

লেনিন, মার্কস, হো চি মিনের নামে তিন রাস্তা

যে তিনটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলি হল লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং হো চি মিন সরণি। তথাগত রায়ের প্রস্তাব অনুযায়ী, খিদিরপুরে কার্ল মার্কস সরণির নাম বদলে বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত অথবা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের নামে করার কথা ভাবা হয়েছে। ওই এলাকার সঙ্গে তাঁদের যোগসূত্রের কথা উল্লেখ করেছেন তিনি।

লেনিন সরণির নাম বদলে গণিতবিদ এবং প্রাক্তন ভারতীয় জনসংঘ সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে করার প্রস্তাবও দিয়েছেন তথাগত রায়। লেনিন সরণির পুরনো নাম ছিল ধর্মতলা স্ট্রিট। অন্যদিকে হো চি মিন সরণির নাম বদলে আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এসপ্ল্যানেডের লেনিন মূর্তি নিয়েও প্রশ্ন

এসপ্ল্যানেড মোড়ে থাকা লেনিনের মূর্তি সরানো হবে কি না, সেই প্রশ্নও উঠেছে। এ বিষয়ে তথাগত রায় জানিয়েছেন, যদি এমন কোনও প্রস্তাব আসে, তাহলে তিনি আশা করেন সংশ্লিষ্ট বোর্ড বিষয়টি বিবেচনা করবে।তবে রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত সমস্ত প্রস্তাবই আপাতত সুপারিশের পর্যায়ে রয়েছে। পুজোর পর কমিটি সুপারিশ তৈরি করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা।

Advertisement

মুসলিম ব্যক্তিত্বদের নামে থাকা জায়গার নাম নিয়েও প্রস্তাব

শুধু কমিউনিস্ট নেতাদের নামে থাকা রাস্তা নয়, মুসলিম ব্যক্তিত্বদের নামে থাকা কিছু জায়গার নাম পরিবর্তনের প্রস্তাবও কমিটির কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথাগত রায়। বারাসতের তিতুমিরের নামে থাকা বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে লেখক কাজি আবদুল ওদুদ, শিক্ষাবিদ বেগম রোকেয়া এবং লেখক এস ওয়াজেদ আলির মতো ব্যক্তিত্বের নামে করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁদের তিনি ‘জাতীয়তাবাদী মুসলিম’ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়াও টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত ব্লু লাইনের কয়েকটি মেট্রো স্টেশনের নাম ব্যক্তির পরিবর্তে সংশ্লিষ্ট এলাকার নামে করার প্রস্তাব দিয়েছেন তথাগত রায়। তাঁর যুক্তি, এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে। কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

পুজোর পর সুপারিশ, চূড়ান্ত সিদ্ধান্ত পরে

১০ সদস্যের এই কমিটিতে তথাগত রায় ছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ আরও কয়েকজন রয়েছেন। কমিটির সুপারিশ পরবর্তী সময়ে রাজ্য বিধানসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন তথাগত রায়।

অর্থাৎ, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও জায়গার নাম বদল নিয়ে একাধিক প্রস্তাব সামনে এলেও এখনও কোনও নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুর্গাপুজোর পর কমিটির বৈঠক এবং সুপারিশের পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

Read more!
Advertisement
Advertisement