
অবশেষে মিলল ইঙ্গিতপূর্ণ আপডেট। নতুন রূপে, অত্যাধুনিক সাজে এবার খুলতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন। ফের ব্লু লাইনের এই প্রান্তিক স্টেশনে মেট্রো চলাচল কবে শুরু হবে, তা-ও কার্যত পাকা করে ফেলেছে মেট্রো রেলওয়ে।
জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ১ জানুয়ারি থেকেই খুলে দেওয়া হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। ওই দিন থেকে ফের ব্লু লাইনের মেট্রো থামবে এই প্রান্তিক স্টেশনে। যদিও যাত্রীরা ভেবেছিলেন বুঝি দুর্গাপুজোর আগেই এই স্টেশনে খুলে দেওয়া হতে পারে। তবে তেমনটা হচ্ছে না।
গত কয়েক মাস ধরে বারবার বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের সংস্কারের কাজ ব্যআহত হয়েছে। তবে এই মুহূর্তে লাস্ট ল্যাপে রয়েছে মেরামতির কাজ। ফলে নিউ গড়িয়া এলাকার এই স্টেশন সক্রিয় হওয়া আর খুব বেশিদিন বিলম্ব হবে না বলেই জানাচ্ছেন মেট্রোকর্তারা।
রেলবোর্ডের তরফেই ১ জানুয়ারি দিনটি এই স্টেশন পুনরায় চালু করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে কাজ শেষ করতে তাই জোরকদমে শেষ পর্বের সংস্কার চলছে।
দিনটা ছিল ২৮ জুলাই, ২০২৫। প্ল্যাটফর্মের পিলারে দেখা গিয়েছিল বড়সড় ফাটল। আর তাই বছর খানেকেরও বেশি সময় ধরে বন্ধ করে রাখা হয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনের প্রান্তিক স্টেশনটি। বর্তমানে কবি সুভাষের বদলে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হয়। স্টেশন চত্বরের নিত্যযাত্রীদের একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই ভোগান্তি। অবশেষে তাঁদের প্রশ্নের উত্তর মিলছে। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই আবার কবি সুভাষ থেকেই মেট্রো ধরতে পারবেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ৮-৯ মাস লাগবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য। কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে বহুদিনই। নয়া রূপে স্টেশনের নকশা তৈরির কাজ ইতিমধ্যেই চলতি বছরের শুরুতে সম্পন্ন হয়ে গিয়েছে। নিউ গড়িয়ার এই স্টেশনে দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম নির্মাণের কাজও চলছে।
কবি সুভাষের পুরনো চেহারা সম্পূর্ণ বদলে যাবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।