
Kolkata Metro Timings: সামনেই গুরু নানক জয়ন্তী। সেই উপলক্ষে কলকাতা মেট্রোর বিশেষ উপহার। ব্লু লাইনে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। শুধু উৎসবের দিন নয়, তার আগের দিনও এক্সট্রা ট্রেন পাবেন। আগামী ২৩ নভেম্বর সোমবার এবং ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে শেষ মেট্রোর পরেও একটি করে এক্সট্রা ট্রেন চালানো হবে।
রবিবার কলকাতা মেট্রো রেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এক্সট্রা মেট্রোর টাইমিং
সাধারণত ব্লু লাইনে নির্ধারিত শেষ মেট্রো ছাড়ে রাত ১০টা ৩০ মিনিটে। কিন্তু ২৩ ও ২৪ নভেম্বর এই সময়ের পরেও ট্রেন পাওয়া যাবে। শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৫০ টায় এক্সট্রা মেট্রো ছাড়বে। অর্থাৎ, দু'দিক থেকেই একটি করে বাড়তি ট্রেন চালানো হবে।
গুরু নানক জয়ন্তী উপলক্ষে যাত্রীদের ভিড় এবং যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
২৪ নভেম্বর কোন লাইনে ক'টি মেট্রো চলবে?
গুরু নানক জয়ন্তী উপলক্ষে ২৪ নভেম্বর সরকারি ছুটি। সেই কারণে কলকাতা মেট্রোর একাধিক লাইনে পরিষেবায় জোর দেওয়া হচ্ছে।
ব্লু লাইনে মোট ২৫৪টি মেট্রো চলবে। এর মধ্যে ১২৭টি আপ এবং ১২৭টি ডাউন। রাতের অতিরিক্ত এক জোড়া ট্রেনও এর মধ্যে পড়ছে। তবে প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।
গ্রিন লাইনে মোট ২১২টি মেট্রো চলবে। এর মধ্যে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন ট্রেন। এই লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
ইয়েলো লাইনে মোট ৯২টি ট্রেন। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন ট্রেন। এখানেও প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।
পার্পল ও অরেঞ্জ লাইন
২৪ নভেম্বর পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে অন্য দিনের মতোই স্বাভাবিক মেট্রো সার্ভিস থাকবে। অর্থাৎ, এই দুই লাইনে কোনও পরিবর্তনের পরিকল্পনা নেই মেট্রো কর্তৃপক্ষের।