Advertisement

Kolkata Metro Latest Time Table : এবার ভোর ৬টা থেকেই মিলবে মেট্রো, যাত্রীদের জন্য বিরাট খবর

বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা দেয়। গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ০৫ মিনিট পর্যন্ত।

মেট্রোর সময়সূচি বদল মেট্রোর সময়সূচি বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2026,
  • अपडेटेड 10:01 PM IST
  • যাত্রীদের বাড়তি সুবিধার জন্য ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে
  • নির্দেশিকার আরও উল্লেখ, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত স্টেশনের বুকিং কাউন্টার বন্ধ থাকবে

কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। দিনের প্রথম মেট্রো মিলবে ভোর ৬ টাতেই। বুধবার মেট্রো রেলের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। সেখানে জানানো হয়, আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। এই সুবিধা পাবেন কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনের যাত্রীরা। 

বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা দেয়। গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ০৫ মিনিট পর্যন্ত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন - উভয় লাইনেই সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। আর রবিবার ওই দুই লাইনে মেট্রো চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। 

যাত্রীদের বাড়তি সুবিধার জন্য ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে ওই দুই লাইনে। বিস্তারিত সময়সূচি পরে মেট্রো রেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে না। তবে প্রয়োজনীয় কিছু কর্মীকে দ্বিতীয় শিফটে নির্ধারিত সময়ের পরে দায়িত্ব পালন করতে হবে। 

নির্দেশিকার আরও উল্লেখ, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত স্টেশনের বুকিং কাউন্টার বন্ধ থাকবে। ওই সময়ের পরে টিকিট কাটা যাবে শুধুমাত্র অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM), স্মার্ট কার্ড এবং অ্যাপভিত্তিক টিকিটিং ব্যবস্থার মাধ্যমে। নির্দেশিকায় জানানো হয়েছে, এই সিদ্ধান্তে জেনারেল ম্যানেজারের অনুমোদন রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement