
২ মাস ধরে রবিবার করে আংশিক বন্ধ থাকবে মেট্রো। নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্লু লাইনে এই মেট্রো বন্ধের নোটিস জারি হয়েছে।
কোন কোন দিন মেট্রো বন্ধ
> আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ব্লু লাইনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মিলবে না পরিষেবা। উল্লিখিত দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা মিলবে। দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে স্বাভাবিক সময়েই।
> আবার ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। সে দিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সোয়া ৯টায়। শেষ পরিষেবা স্বাভাবিক সময়ে চলবে।
এই রবিবারগুলিতে ইয়েলো এবং গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। যদিও পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।
ব্লু লাইনের মেট্রোতে ঠাসা ভিড় থাকে প্রায় প্রতিদিনই। রবিবারও খানিক ব্যতিক্রম হলেও নিত্যযাত্রীদের কাছে গন্তব্যে পৌঁছনোর এটাই লাইফলাইন। ফলত ৯ ঘণ্টা করে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মেট্রো না চলার জেরে যাত্রী দুর্ভোগের আশঙ্কা থাকছেই। তবে কাজের দিনে যাত্রী ভোগান্তি এড়াতে ও আরও উন্নত পরিষেবার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার ছুটির দিন। তাই এই দিন মেট্রোর উপর চাপ থাকে কম। তাই এত গুরুত্বপূর্ণ রুটে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।