
নিত্যযাত্রীদের জন্য সুখবর। রবিবার ব্লু লাইনের একাংশে মেট্রো চলাচল বন্ধ রাখার কর্মসূচি বাতিল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক করে পরপর ৫ রবিবার দিনের একটা বড় সময়ে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছিল। ২২ নভেম্বর থেকেই সেটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু পূর্বঘোষিত সেই কর্মসূচি আপাতত এই রবিবার স্থগিত করল কলকাতা মেট্রো। অর্থাৎ ২২ নভেম্বর ব্লু লাইনে দিনভরই মিলবে সম্পূর্ণ পরিষেবা।
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানান, খারাপ আবহাওয়া এবং পূর্বাভাসের কথা মাথায় রেখে এই রবিবার রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ব্লক করে কাজ স্থগিত রাখা হচ্ছে। অর্থাৎ রবিবার নির্ধারিত সূচিতেই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে।
আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর ভাঙা পথে মেট্রো চলবে ব্লু লাইনে। ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ৯ ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত পরিষেবা মিলবে না। আর ১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।
১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম এবং টালিগঞ্জের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলার কথা বলা হয়েছিল। ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে ওই কাজ হবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছিল মেট্রো।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে ২২ নভেম্বরের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। অন্য রবিবারের মতো ২২ নভেম্বরও সকাল ৯টা থেকে ব্লু লাইনে পরিষেবা পাওয়া যাবে। তবে পরবর্তীকালে বাকি রবিবার গুলি কী হবে, তা অবশ্য এখনও জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে।