
কলকাতা পুরসভার ভোট নিয়ে আইনি জটিলতা। এর মধ্যেই কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট পুরভোটের উপর থেকে স্থগিতাদেশ না তুললে কলকাতা পুরসভার প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডেই নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর। আর তাঁরা হবেন 'বিজেপির লোক'। এবার প্রশ্ন হল, আইনিভাবে কি 'বিজেপির লোক'কে কো-অর্ডিনেটর নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী? আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রেও কি জেতা বুথকে এক জায়গায় আনা হয়েছে? চলুন পুরোটা বোঝা যাক।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কো-অর্ডিনেটর নিয়োগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, নির্বাচিত কাউন্সিলরদের পরিবর্তে দলীয় নেতাদের বসিয়ে পিছনের দরজা দিয়ে কলকাতা পুরসভার ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। শুভেন্দুর ব্যাখ্যা,নির্ধারিত সময়েই পুরভোট করাতে চায় তাঁর সরকার। তবে আইনি জটিলতার কারণে পুরসভার কাজকর্ম যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট তুলে নিলে নির্ধারিত সময়েই নির্বাচন হবে। না হলে ৩০ নভেম্বরের পর ২০৯টি ওয়ার্ডেই কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে'। কলকাতা পুরসভার কো-অর্ডিনেটর কারা হবেন? তা স্পষ্ট করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীই। রাখঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন, কোনও প্রশাসনিক আধিকারিক নন, বিজেপির লোকই হবেন।
কলকাতা পুরসভার বর্তমান অবস্থা
প্রথমে বোঝা যাক, কলকাতা পুরসভা এখন ঠিক কী অবস্থায় আছে? তারিখটা ৫ জুন। ওই দিন কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। তারপর কলকাতা পুরসভার নির্বাচিত পুরবোর্ড ভেঙে দেয় বিজেপি সরকার। পুরসভার প্রশাসক হিসাবে আইএএস আধিকারিক স্মিতা পাণ্ডেকে নিয়োগ করা হয়। নতুন মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করার জন্য পুরসভাকে সময় দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু নির্ধারিত তিন দিনের মধ্যে ফিরহাদের উত্তরসূরির নাম ঘোষণা করতে পারেনি তৃণমূল। তারপরেই পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন।
পুরসভার আইন কী বলছে?
কলকাতা পুরসভা আইন ১৯৮০, ১১৭(১) ধারা অনুযায়ী, কোনও পুরবোর্ড দায়িত্ব পালনে অক্ষম হলে, ধারাবাহিকভাবে দায়িত্বে অবহেলা করলে বা আইন নির্ধারিত কর্তব্য পালন করতে ব্যর্থ হলে সেই বোর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের হাতে।
সরকার কি কো-অর্ডিনেটর নিয়োগ করতে পারে?
কো-অর্ডিনেটর নিয়োগের নজির রয়েছে তৃণমূলের জমানাতেও। হাওড়া পুরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি। ২০১৩ সালে শেষবার পুরভোট হয়েছিল হাওড়ায়। তারপর থেকে আর ভোট হয়নি। মাঝে কেটে গিয়েছে ১৩ বছর। সেখানে ২০১৮ সালের পর থেকে বকলমে তৃণমূলের কাউন্সিলররাই সামলাচ্ছিলেন কো-অর্ডিনেটরের দায়িত্ব। ভোট ছাড়া পুরসভা দখলে রেখে দেওয়ার এমন বিরল নজির মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই রয়েছে।
কোথায় জটিলতা?
এবার ফেরা যাক কলকাতা পুরসভার দিকে। কোথায় আইনি জটিলতা? বিজেপি সরকার আসার পর কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নেয়। আর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের অবকাশকালীন সিঙ্গল বেঞ্চ রাজ্যের এই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যতক্ষণ না ওয়ার্ড পুনর্বিন্যাসের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কোথায় আপত্তি?
ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া অসম এবং অস্বচ্ছ। এটা বিজেপিকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ মামলাকারীদের। বিধানসভা নির্বাচনের বুথভিত্তিক ফলের তথ্য তুলে ধরে তাঁদের দাবি, যে বুথগুলিতে বিজেপি ভাল ফল করেছিল, সেগুলিকে একত্র করে নতুন ওয়ার্ড তৈরি করা হয়েছে। অন্যদিকে, পুরনো যে ওয়ার্ডগুলিতে বিরোধীরা ভাল ফল করেছিল, সেগুলিকে ভেঙে একাধিক ভাগে ভাগ করা হয়েছে। এই পুনর্বিন্যাসের ফলে নির্বাচনে বিজেপি বাড়তি সুবিধা পেতে পারে বলেও অভিযোগ মামলাকারীদের।
কো-অর্ডিনেটর নিয়োগ 'বেআইনি'
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানালেন, 'পুনর্বিন্যাসটাই বিচারাধীন বিষয়। তাই কো-অর্ডিনেটর নিয়োগ করা যায় না। মুখ্যমন্ত্রী এমনটা করলে তা হবে আদালত অবমাননার শামিল'। তাঁর বক্তব্য, গত বিধানসভা ভোটে জেতা বুথগুলিকে একসঙ্গে করে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে।