
দীপাবলির রাতে শহর কলকাতায় যথেচ্ছ শব্দবাজি ফাটানোর অভিযোগ। পাশাপাশি পোড়ানো হয়েছে বায়ুদূষণকারী বাজিও। তবে রাতভর অ্যাক্টিভ ছিল কলকাতা পুলিশও। শহরে নিষিদ্ধ বাজি ফাটানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সোমবার পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি।
মোট ৫৯২ জনকে গ্রেফতার করা হলেও পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ২০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩৮৭ জন। পাশাপাশি উদ্ধার হয়েছে ৬ লিটার বেআইনি মদ। অন্যদিকে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের বিবৃতি অনুযায়ী, কালীপুজোর রাতে নিয়ম না মেনে গাড়ি চালানোর অভিযোগে ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হেলমেট না পরে বাইক চালানো বা বাইকে সওয়ার হওয়ার অভিযোগে ৪৫৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনকে ফাইন করা হয়েছে।
তবে, দীপাবলির রাতে কোথাও যাতে কোনও রকম বিপত্তির ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ছিল কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সিগন্যাল, মোড় তো বটেই, এমনকি বেশ কিছু এলাকার ভিতরেও ছিল পুলিশ পিকেট। প্রায় রাতভর ডিউটি করেছেন পুলিশ কর্মীরা। নিষিদ্ধ বাজি ফাটানো, ট্রাফিক আইন লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি চালাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।