
নিয়মভঙ্গের অভিযোগ খোদ কলকাতা পুলিশেরই এক কর্মীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার মাধ্যমে চাকরির নিয়ম লঙ্ঘনের অভিযোগে সোমবার সাময়িক ভাবে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের এক কনস্টেবলকে। KP-র এক ঊর্ধ্বতন আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
কী অভিযোগ?
সূত্রের খবর, কলকাতা আর্মড পুলিশের ১ম ব্যাটালিয়নের রামকৃষ্ণ কয়াল নামের ওই কনস্টেবলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিতর্কিত ভিডিও পোস্ট করা এবং রাজনৈতিক ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে।
কলকাতা পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, "সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ও কমেন্ট সহ নানা বিষয়ে তদন্ত চলাকালীন ওই পুলিশ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।" তিনি জানান, চাকরির আচরণবিধি বা আদর্শ আচরণবিধি বা MCC লঙ্ঘন করতে পারে এমন কোনও পোস্ট, শেয়ার বা সাপোর্ট করতে সব পুলিশ কর্মীকেই নিষেধ করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ কর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক সাসপেন্ডের সময় তিনি নিয়ম অনুযায়ী তাঁর বেসিক স্যালারি-র অর্ধেক এবং অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন। তাঁকে সরকার-প্রদত্ত সমস্ত সামগ্রী রিজার্ভ অফিসারের কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। স্পষ্ট ভাবে পুলিশ কর্মীদের বলা হয়েছে, তাঁরা যেন সোশ্যাল মিডিয়ায় এমন কোনও বিষয়বস্তু পোস্ট না করেন, যা চাকরির আচরণবিধি লঙ্ঘন করে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মীদের কঠোর নিরপেক্ষতা বজায় রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।