Advertisement

Kolkata Police: নীল-সাদা থেকে গোলাপি হয়ে গেল কলকাতা পুলিশের কিয়স্ক, কেন এই 'রংবদল'?

কলকাতা পুলিশের চিরাচরিত নীল-সাদা রঙের বদলে আচমকাই একাধিক বুথের রং গোলাপি হয়ে যাচ্ছে। কেন রাতারাতি এমন রং বদলে গেল? উত্তর খুঁজে ঢুকেছিলাম এমনই একটি পিঙ্ক বুথে। কী জানা গেল?

কলকাতা পুলিশের বুথের রং কলকাতা পুলিশের বুথের রং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Feb 2026,
  • अपडेटेड 4:14 PM IST
  • বদলে গেল কলকাতা পুলিশের কিয়স্কের রং
  • নীল-সাদা থেকে হয়ে গেল গোলাপি
  • কেন আচমকা এই রংবদল?

নীল-সাদা থেকে আচমকাই গোলাপি। রাতারাতি বদলে গেল কলকাতা পুলিশের কিয়স্কের রং! ব্যাপারটি কী? খোঁজ নিতে আমরা ঢুঁ মারলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গোলাপি রঙে সেজে ওঠা এমনই একটি কিয়স্ক। জানা গেল রংবদলের কারণ। 

লালবাজার তৈরি করেছে 'কলকাতা পুলিশ পিঙ্ক উইমেন বুথ'। একটি, দু'টি নয়, শহরজুড়ে মোট ১৪টি গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যাবে গোলাপি রঙা এই পুলিশ কিয়স্ক। যার মূল উদ্দেশ্য হল মহিলাদের যাবতীয় বিপদের দ্রুত সমাধান। নারী নিরাপত্তার কথা মাথায় রেখেই লালবাজারের এই অভিনব উদ্যোগ। শহরের আনাচে-কানাচে থাকবে এই অত্যাধুনিক গোলাপি কিয়স্ক। যে কোনও রকম বিপদ, অভিযোগ, সমস্যা জানাতে কিংবা সাহায্য চেয়ে এই কিয়স্কের দ্বারস্থ হতে পারেন মহিলারা। 

শ্যামবাজারের পিঙ্ক বুথ

শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কর্মরত এক ট্রাফিক পুলিশ আধিকারিক বলেন, 'মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখেই এই গোলাপি কিয়স্কগুলি তৈরি করা হচ্ছে। রাত-বিরেতে কিংবা যে কোনও সময়ে, যে কোনও ধরনের অভিযোগ নিয়ে মহিলারা এখানে আসতে পারবেন। মহিলা পরিচালিত হবে এই কিয়স্কগুলি। সরাসরি লালবাজারে অভিযোগ দায়ের করা যাবে এই বুথের মাধ্যমেই।'

কিয়স্কগুলিকে গোলাপি রঙে রাঙিয়ে তোলা এবং অত্যাধুনিক ফেসিলিটি সম্পন্ন করে তোলার দায়িত্বে রয়েছে কিয়স্ক রক্ষণাবেক্ষণ সংস্থার সৈকত হাজরা। তাঁক কথায়, 'অনেক সময়ই থানার আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে সংকোচ করেন মহিলারা। সাইবার ক্রাইম হোক কিংবা নিরাপত্তা জনিত কোনও অভিযোগ, মহিলা পরিচালিত এই কিয়স্কে এসে বলতে সমস্যা হবে না কারওই। এমনকী, অনেক ক্ষেত্রে হাতের পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছতে না পারলে এই কিয়স্কগুলি থেকেই সরাসরি নিকটবর্তী থাকায় অভিযোগ জানানো যাবে। একইসঙ্গে এই পিঙ্ক বুথ থেকে লালবাজার কন্ট্রোল রুমে সরাসরি কানেক্ট করার ব্য়বস্থা থাকবে। থানার মহিলা সাব ইন্সপেক্টরের সামনে নিঃসঙ্কোচে পুরো অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারী মহিলা। সরাসরি সেই অভিযোগ নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেওয়া হবে কন্ট্রোল রুমে। সারা রাত চালু থাকবে এই বিশেষ বুথ। ৩টি শিফটে ২ জন করে মহিলা আধিকারিক থাকবেন। যে কোনও সময়ে এই পিঙ্ক বুথে ছুটে আসতে পারেন মহিলারা।'

Advertisement
শ্যামবাজারের পিঙ্ক বুথ

জানা যাচ্ছে, সদ্য দায়িত্বপ্রাপ্ত নগরপাল সুপ্রতিম সরকার সম্প্রতি রাতের কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ মোড় পরিদর্শন করেছিলেন। তারপরই তিনি এই পিঙ্ক বুথ পরিষেবা দ্রুত শুরু করার উপর জোর দেন। শুক্র কিংবা শনিবার তিনি নিজেই উদ্বোধন করবেন এমন ৬টি বুথ। শ্যামবাজারের পাশাপাশি আপাতত হাডকো মোড়, গড়িয়াহাট, পার্ক সার্কাস, হাইল্যান্ড পার্ক এবং পাটুলিতে পিঙ্ক বুথ পরিষেবা শুরু হবে। আগামীদিনে শহরে মোট ১৪টি এমন বুথ চালুর পরিকল্পনা রয়েছে পুলিশ কমিশনারের। 

রাতের শহরে সাধারণভাবে পুলিশি টহলদারি থাকে। তা সত্ত্বেও শহরের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ প্রকাশ্যে আসে। এবার তেমন অভিযোগ নিয়ে হাতের নাগালে থানা না পেলেও সরাসরি এই পিঙ্ক বুথে হাজির হতে পারবেন মহিলারা। আবার রাতে কোনও মহিলা বাড়ি যাওয়ার জন্য কোনও যানবাহন না পেলে পিঙ্ক বুথের পুলিশ কর্মীরা গাড়ি ডেকে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্তও করবেন।

 

Read more!
Advertisement
Advertisement