
পশ্চিমবঙ্গের সব অংশেই বর্ষার প্রবেশ হয়েছে। তবে কলকাতায় কিন্তু এখনও বৃষ্টির দেখা নেই। সোমবারে বিকেলের দিকে ব্যাপক মেঘ ঘনিয়ে এলেও বৃষ্টি হয়নি। ফলে গরমে নাজেহাল হতে হচ্ছে শহরবাসীকে। তবে সাময়িক বৃষ্টি কিছুটা স্বস্তি দিচ্ছে জেলার নানা অংশকে। তবে টানা বৃষ্টি না এলে গরমের হাত থেকে রেহাই মিলবে না। আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।
আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে IMD। তবে দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
IMD-র তরফে জানানো হয়েছে, র্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ কালবৈশাখী টের পেতে পারে এই জেলার বাসিন্দারা।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।