
কলকাতা রিং রোড। বৃহস্পতিবার রাজ্যে এসে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি। খরচ পড়বে ১৪ হাজার কোটি টাকা। ২৫০ কিলোমিটার দীর্ঘ। এ তো গেল গডকড়ির ঘোষণা। এবার অনেকের মনেই প্রশ্ন, এই রিং রোড আসলে কি? সত্যিই কি রিং মানে গোলাকার আংটির আকারে দেখতে হবে? কোথায় তৈরি হবে এই রিং রোড? কোন কোন রাস্তাকে জুড়বে? তাহলে চলুন পুরো প্রকল্পের সম্ভাব্য নীলনকশা জানা যাক।
কলকাতার যানজট সমস্যা মেটাতে তৈরি হবে রিং রোড। প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ এই রিং রোড কলকাতার সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাকে যুক্ত করবে। কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়েকে এক সুতোয় বাঁধার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে খবর। প্রকল্প শেষ হয়ে গেলে দূরপাল্লার গাড়ি ও পণ্যবাহী ট্রাককে শহরের ভিতর দিয়ে যাতায়াত করতে হবে না।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, এই চারটি গুরুত্বপূর্ণ জেলাকে ঘিরে ৪ থেকে ৬ লেনের একটি বৃত্তকার সড়ক তৈরি করা হবে। এর ফলে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতকারী গাড়ি এবং ভারী পণ্যবাহী যানবাহনের চাপ কমবে। বর্তমানে বহু দূরপাল্লার গাড়ি ও পণ্যবাহী ট্রাককে কলকাতার ব্যস্ত রাস্তা ব্যবহার করতে হয়। রিং রোড তৈরি হলে এই যানবাহনগুলি শহরের বাইরের রাস্তা দিয়েই গন্তব্যে পৌঁছতে পারবে সেগুলি। কলকাতা শহরাঞ্চলে যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কমবে যানজট। যাতায়াতের সময়ও বাঁচবে।
কলকাতা রিং রোডের পুরো প্ল্যান
প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে। প্রশাসনিক সূত্রে সম্ভাব্য রুট নিয়ে কয়েকটি পরিকল্পনার কথা জানা গিয়েছে। এক্সপ্রেসওয়ে এবং সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলিকে একসঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে। হুগলি নদীর পাশ দিয়ে এগোতে পারে রিং রোড। বিদ্যাসাগর সেতু এবং নিবেদিতা সেতুর আশপাশের এলাকার সঙ্গে সংযোগ তৈরির সম্ভাবনা। এর ফলে বন্দরের দিকে যাতায়াতকারী ভারী পণ্যবাহী গাড়িগুলিকে শহরের ভিতরে ঢুকতে হবে না।
হাওড়ার পাঁচলা এবং বাউড়িয়া হয়ে দক্ষিণের দিকে এগোবে। বজবজের কাছে হুগলি নদীর উপর একটি নতুন সেতু তৈরি হতে পারে সেই সেতু পেরিয়ে রিং রোড যুক্ত হতে পারে মহেশতলা, গার্ডেনরিচ, ডায়মন্ড হারবার রোড, আমতলা, সোনারপুর এবং বারুইপুরের সঙ্গে।
পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে কাজে লাগিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে। পূর্ব প্রান্তে বসন্তী হাইওয়ে এবং বসিরহাটের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা।