
পরপর কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর আজও সকাল থেকেই আকাশে মেঘ ও রোদের লুকোচুরি চলছে। আর সেই দৃশ্য দেখেই অনেকের প্রশ্ন, আজ কি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা? সঙ্গে ছাতা রাখতেই হবে? আর সেই উত্তরটাই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই আর সময় নষ্ট না করে আসুন কলকাতার আবহাওয়ার বিস্তারিত জেনে নেওয়া যাক। হাওয়া অফিস দাবি করেছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে। তাই আজ বাড়ির বাইরে বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। যাঁরা বাইকে যাতায়াত করবেন, তাঁরা রেনকোট নিন।
কেমন থাকতে পারে তাপমাত্রা?
যদিও বৃষ্টির জন্য খুব একটা তাপমাত্রা কমবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও নির্দিষ্ট করে বললে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এটা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৭ সেলসিয়াস। এটা স্বাভাবিক। শুক্রবার বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯৫ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬৬ শতাংশ থাকার সম্ভাবনা প্রবল।
বৃষ্টিপাতের পরিমাণ
২ জুলাই সকাল ৬.৩০ থেকে ৩ জুলাই সকাল ৬টা ৩০ পর্যন্ত শহরে ১৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, এবারের বর্ষায় প্রথম নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে।
কোন কোন জেলায় বৃষ্টি?
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এই দুই জেলাতেই অতিভারী বৃষ্টির আশঙ্কায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আবার ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। রবিবার আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
যদিও ধীরে ধীরে বৃষ্টি কমেছে উত্তরবঙ্গে। আর এমন আবহাওয়া আরও কিছুদিন চলবে বলে জানান হয়েছে। যার ফলে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা কমবে। দ্রুত স্বাভাবিক হতে পারে জনজীবন।