Advertisement

Kali Puja Fire Crackers: পুলিশি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, তারস্বরে ফাটল শব্দবাজি, সরব খোদ BJP বিধায়ক

নিয়ম উড়িয়ে শব্দবাজির তাণ্ডব কলকাতা শহরের নানা প্রান্তে। অন্যদিকে, হু হু করে বাড়ল বাতাসে দূষণের মাত্রা। এমনকী, বাদ পড়ল না হাসপাতাল চত্বরও। এই নিয়ে সরব হলেন খোদ BJP বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। যদিও তাঁর পোস্ট ডিলিট করা হয়েছে পরবর্তীতে।

শব্দবাজির তাণ্ডবশব্দবাজির তাণ্ডব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 7:56 AM IST
  • শব্দবাজির তাণ্ডব কলকাতা শহরের নানা প্রান্তে
  • বাদ পড়ল না হাসপাতাল চত্বরও
  • সরব হলেন খোদ BJP বিধায়ক

একদিকে শব্দবাজির তাণ্ডব কান ঝালাপালা, অন্যদিকে, হু হু করে বাড়ল বাতাসে দূষণের মাত্রা। পুলিশি নিষেধাজ্ঞাকে হেলায় উড়িয়ে দিয়েই দেদার কান ফাটানো আওয়াজে বাজি পোড়ানো হল শহরের নানা প্রান্তে। বেজায় চটলেন খোদ BJP বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। এমনকী সাহায্য চাইলেন কলকাতা পুলিশের কাছেও।

 নিষিদ্ধ শব্দবাজির দাপট কমানোর লক্ষ্যে জোরদার অভিযানে নেমেছিল কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে বহুতল আবাসন, সর্বত্রই চলেছে কড়া নজরদারি, ধরপাকড়। কিন্তু সমস্ত আইনি নিষেধাজ্ঞাই অমান্য করে বেআইনি বাজি ফাটাল একাধিক অঞ্চলে। এর জেরে গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। কালীপুজোর রাত সাড়ে ৮টা পর্যন্ত কলকাতার নানা প্রান্ত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৯ কেজি শব্দবাদি। 

রাত ৮টা থেকে ১০টার মধ্যে বাজি ফাটানোর নিয়ম করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাত ১০টার পরও শব্দবাজির দাপাদাপি চলেছে। এই নিয়ে নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পথে নেমেছেন পরিবেশকর্মীরাও। পোষ্যপ্রেমী সংগঠনগুলিও সরব হয়েছে। এখানেই শেষ নয়, কলকাতা পুলিশের কাছে সাহায্য চেয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন BJP বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও। 

একটি ফেসবুক পোস্টে রবিবার রাতে রূপা লেখেন, 'এই আওয়াজ কখন থামবে? ঘুমোতে পারছি না। কলকাতা পুলিশ প্লিজ হেল্প।' যদিও কিছুক্ষণের মধ্যে তিনি নিজের এই পোস্টটি ডিলিট করে দেন। 

সাইলেন্স জোনের তোয়াক্কা না করে NRS হাসপাতালের হস্টেল চত্বরেও দেদার শব্দবাজি ফাটানোরঅ ভিযোগ উঠেছে। যা থেকে ছোটখাট অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

পুজো উদযাপনের নামে রাস্তায় অভব্য আচরণ ও গোলমাল পাকানোর অভিযোগে আরও ৫৭ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  উৎসবের রাতে সাড়ে ৮টার মধ্যেই মোট ৬৮ জনকে গ্রেফতার করেছে লালবাজার।  

সাইলেন্স জোনে শব্দসীমা ৯০ ডেসিবেল ছাড়িয়ে গিয়েছিল। আরজি কর হাসপাতালে শব্দসীমা ছিল ৮০ ডেসিবেলের মতো। 

রূপা গঙ্গোপাধ্যায়ের পোস্ট (পরে ডিলিট করা হয়)

এসএন ব্যানার্জি রোড, ধর্মতলা, উল্টোডাঙা, টালা, পাইকপাড়া, NRS–এর হস্টেল, সল্টলেকে একাধিক হাসপাতাল সংলগ্ন এলাকা,  পাটুলি, হরিদেবপুর, গড়ফা, সার্ভে পার্ক, যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, আলিপুর, সোনারপুর, বারুইপুর থেকে লালবাজারের কন্ট্রোল রুমে লাগাতার অভিযোগ এসেছে শব্দবাজির। পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের কন্ট্রোল রুমে রাত ১২টা পর্যন্ত ২৭টা অভিযোগ এসেছে। অনেকেই অভিযোগ করেছেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে এত বাজি ফেটেছে, কান পাতা দায় হয়ে পড়েছিল। অনেকে আবার বলছেন, গত বছর এত বাজি ফাটেনি।  বাজির আওয়াজে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পোষ্যরা। 

Advertisement

রাত যত গভীর হয়েছে, বাতাসে বেড়েছে দূষণের মাত্রাও। কালীপুজোর রাতে কলকাতার বাতাসেও যে দূষণের বিষ ছড়িয়েছে, তা স্পষ্ট পরিসংখ্যানে। পিএম ২.৫-এর মাত্রা যেখানে গড়ে প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রামের মধ্যে থাকা প্রয়োজন, সেখানে রাত ৮টার মধ্যেই একাধিক এলাকায় তা পৌঁছে যায় ১০০–য়। যাদবপুর এলাকায় রাত ১টায় সেই মাত্রা পৌঁছয় ১৭৬-এ। শব্দবাজির দাপটে বিধাননগরে বায়দূষণের মাত্রা পৌঁছয় ১৪৯-এ। 

উল্লেখ্য,পিএম ২.৫ হলো বাতাসে ভাসমান ২.৫ মাইক্রোমিটার বা তার চেয়ে ছোট ব্যাসের অতি সূক্ষ্ম ধূলিকণা। কার্বন-সহ বিভিন্ন দূষিত পদার্থ মিশে থাকা এই কণা শ্বাস–প্রশ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছে যায়। এতে হাঁপানি, শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ-সহ নানা অসুস্থতার ঝুঁকি বাড়ে। পরিবেশকর্মীদের বক্তব্য, শুধু পুলিশ-প্রশাসনের নজরদারি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রতি বছর একই ছবি দেখা গেলেও সাধারণ মানুষের সচেতনতার অভাবেই পরিবেশের ক্ষতি হচ্ছে। 

সব মিলিয়ে কালীপুজোর রাতে শব্দ ও বায়ুদূষণের জোড়া ধাক্কায় হাঁসফাঁস করল মহানগর। 

 

Read more!
Advertisement
Advertisement