Advertisement

Firhad Hakim : জমি সংক্রান্ত অভিযোগ, নিউ আলিপুরে ফিরহাদের ২ সংস্থার অফিসে তল্লাশি রাজ্যের

হাকিম কেমিক্য়ালসের নাম রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প সংক্রান্ত নথিতেও রয়েছে। প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াকরণ এবং উৎপাদনের সঙ্গে যুক্ত সংস্থা হিসেবে সেখানে তার উল্লেখ রয়েছে। নির্বাচনী হলফনামাতেও হাকিম কেমিক্যালসের কথা উল্লেখ করেছিলেন ফিরহাদ হাকিম।

ফিরহাদের কোম্পানিতে তদন্ত কমিশন ফিরহাদের কোম্পানিতে তদন্ত কমিশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • তদন্ত কমিশনের এক সদস্য জানিয়েছেন, ওই জমি নিয়ে একটি অভিযোগ জমা পড়েছিল
  • কারখানার শেড যে জমির উপর তৈরি হয়েছে, সেই জমি সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই তাঁরা সেখানে গিয়েছিলেন

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সম্পর্কিত দুই সংস্থার অফিস ও কারখানায় তল্লাশি চালাল পশ্চিমবঙ্গ সরকারের তদন্ত কমিশন। জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানিয়েছেন কমিশনের এক সদস্য। তবে অভিযোগের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিউ আলিপুরের একটি কারখানা চত্বরে পৌঁছয় তদন্ত কমিশনের তিন সদস্যের দল। সেখানে হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড এবং হাকিম কেমিক্যালসের অফিস ও কারখানার শেডে তল্লাশি চালানো হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই অভিযান।

তদন্ত কমিশনের এক সদস্য জানিয়েছেন, ওই জমি নিয়ে একটি অভিযোগ জমা পড়েছিল। কারখানার শেড যে জমির উপর তৈরি হয়েছে, সেই জমি সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই তাঁরা সেখানে গিয়েছিলেন। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। কমিশনের ওই সদস্য বলেন, 'আজ যে তথ্য সংগ্রহ করতে এসেছিলাম, প্রয়োজনীয় সেই তথ্য আমরা পেয়েছি।'

হাকিম পলিমেকার্সের ওয়েবসাইটে 'ফাউন্ডার' ফিরহাদ

হাকিম পরিমেকার্সের নিজস্ব ওয়েবসাইটে সংস্থাটিকে HDPE Polyethylene Film, LD LLDPE Polyethylene-সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ফিরহাদ হাকিমকে সংস্থার 'ফাউন্ডার' হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ্য নথি অনুযায়ী, সংস্থাটি ২০২৫ সালের ২৩ এপ্রিল তৈরি হয়। সংস্থার ডিরেক্টর হিসেবে ফিরহাদ হাকিম এবং সমীর ঘোষের নাম রয়েছে। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর প্রিয়দর্শিনী হাকিমকে সংস্থার বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়। সংস্থার রেজিস্টার্ড অফিস নিউ আলিপুরের ৩২এ, টালিগঞ্জ সার্কুলার রোডে। ROC-র নথি অনুযায়ী, হাকিম পলিমেকার্সের অনুমোদিত মূলধন ১০ লক্ষ টাকা এবং পরিশোধিত মূলধন ১ লক্ষ টাকা।

ভোটের হলফনামাতেও হাকিম কেমিক্যালসের উল্লেখ

হাকিম কেমিক্য়ালসের নাম রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প সংক্রান্ত নথিতেও রয়েছে। প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াকরণ এবং উৎপাদনের সঙ্গে যুক্ত সংস্থা হিসেবে সেখানে তার উল্লেখ রয়েছে। নির্বাচনী হলফনামাতেও হাকিম কেমিক্যালসের কথা উল্লেখ করেছিলেন ফিরহাদ হাকিম। সেখানে সংস্থাটিকে একটি গোডাউন হিসেবে দেখানো হয় এবং সেটি পারিবারিক মালিকানাধীন ও পরিবারের ব্যবস্থাপনায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।

Advertisement

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির পর গঠিত তদন্ত কমিশন

প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই কমিশন গঠন করা হয়েছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কমিশনটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের চেয়ারম্যান হলেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। সদস্যসচিব হিসেবে রয়েছেন এডিজি কে জয়রামন। বৃহস্পতিবারের তল্লাশি নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা বন্দরের তৃণমূল বিধায়কও তিনি। তবে চলতি বছরের ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের শিবিরে যোগ দেন তিনি। 

Read more!
Advertisement
Advertisement