
মা ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) কর্তৃপক্ষ। ২০১৫ সালের অক্টোবর মাসে উদ্বোধনের পর এই প্রথমবার মা ফ্লাইওভারের সম্প্রসারণ জয়েন্টগুলি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে কাজ শুরু হবে এবং প্রায় দু'মাস চলবে। দেশের চতুর্থ দীর্ঘতম ফ্লাইওভার এটি। রক্ষণাবেক্ষণকারী কেএমডিএ-র একজন আধিকারিক জানিয়েছেন, কাজ চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, সম্প্রসারণ জয়েন্টগুলির মধ্যে রাবার লাইনিংগুলি শুকিয়ে গেছে। ফলে জয়েন্টগুলি খুলে গিয়েছে। তাই সম্প্রসারণ জয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে না। সম্প্রসারণ জয়েন্টগুলি প্রতিস্থাপনের কাজটি কয়েকটি পর্যায়ে হবে। ইএম বাইপাস র্যাম্প-সহ প্রধান ফ্লাইওভারের কাজ প্রথমে শুরু হবে। তারপরে এজেসি বোস রোড ফ্লাইওভার র্যাম্পগুলিতে কাজ শুরু হবে।
কাঠামোগত বিশেষজ্ঞরা বলেছেন যে, সেতু এবং ফ্লাইওভারের সম্প্রসারণ জয়েন্টগুলি তাপমাত্রার পরিবর্তনের কারণে বাড়ে-কমে। যেকারণে কাঠামোয় কোনও চাপ পড়ে না। পূর্বে ইএম বাইপাস এবং পশ্চিমে এজেসি বোস রোড ফ্লাইওভারের সঙ্গে সংযোগকারী ৭.৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ২০১৯ সালে সংযুক্ত হওয়ার পর থেকে দুটি ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনের সংখ্যা বহুগুণ বেড়েছে।
পুলিশ জানিয়েছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরবচ্ছিন্ন ট্রাফিক প্রবাহ গাড়িচালকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। ফ্লাইওভার থেকে প্রতি মিনিটে রেসকোর্স রোড এবং এজেসি বোস রোডের ক্রসিংয়ে ১৫০টিরও বেশি যানবাহন পৌঁছায়।
এর আগে মা উড়ালপুলের পাইপলাইনের কাজ হয়েছে। উড়ালপুলের বৃষ্টির জল বেরোনোর পাইপের উপরে গুরুত্ব দেওয়ার বিশেষ কারণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট পাইপ থেকে দ্রুত জল বেরিয়ে যাওয়াটা উড়ালপুলের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জমা জল উড়ালপুলের উপরের অংশের (যা কংক্রিট বা বিটুমিন দিয়ে তৈরি) ক্ষতি করে।
কংক্রিট, বিটুমিন— উভয়েরই সঙ্গে জলের সম্পর্ক অত্যন্ত খারাপ। তার উপরে এমনিতেই গাড়ি চলাচলের জন্য রাস্তার মতো উড়ালপুলের উপরিভাগেও ছোটখাটো ফাটল তৈরি হতে শুরু করে। যেখান দিয়ে ভিতরে চুঁইয়ে চুঁইয়ে জল প্রবেশ করে উড়ালপুলের কাঠামোর স্টিল বা ইস্পাতে মরচে ধরায়। সম্প্রসারণের জয়েন্টে মরচে ধরেছে কী না, তা এবার খতিয়ে দেখা হবে।