
আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার বেশ কিছুটা চাপে খুদেরা। এমন পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে সামান্য ভুল-ভ্রান্তি হওয়া বিচিত্র ব্যাপার নয়। কিন্তু রাস্তাঘাটে বড় কোনও বিপদ হলে কী করবেন? বিষয়টি নিয়ে অভিভাবকদের চিন্তা দূর করতে সক্রিয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক জায়গার মোবাইল নম্বর চালু করা হয়েছে। যে যে নম্বরে পরীক্ষার্থী বা তাঁর অভিভাবকেরা ফোন করতে পারেন, সেন্ট্রাল কন্ট্রোল রুম- ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। কলকাতার আঞ্চলিক অফিসের নম্বর ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
পাশাপাশি জরুরি প্রয়োজনে ফোন করার জন্য আরও ৩টি নম্বর জারি করেছে পর্ষদ। সেগুলি হল ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে ডায়াল করে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা।
অন্যদিকে, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে কলকাতা পুলিশও। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলে পরীক্ষার্থী বা অভিভাবকরা যে কোনও সমস্যায় সহায়তা পাবেন। পরীক্ষার কোনও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বাড়িতে ফেলে এলে বা যানজটে আটকে পড়লে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হলে, সব ক্ষেত্রেই সহযোগিতা করবে পুলিশ।
পাশাপাশি, রাস্তায় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের জন্য থাকছে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও। পরীক্ষার্থীদের সুবিধা দিতে শহরজুড়ে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরীক্ষার আটদিনে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে। ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে পরীক্ষার্থী ও অভিভাবকদের।