
বার যেন অন্য রকম পুজো! একেবারে পিতৃপক্ষের অবসানের দিন মহালয়াতে বিশেষ রকমের আয়োজন করেছে রাজ্য সরকার। মাতৃপক্ষের সূচনা লগ্ন থেকেই রাজ্যবাসী মেতে উঠতে চলেছে উমা বরণের আরাধনায়। এই লক্ষ্যে ইডেন গাডেনে ঢাকে কাঠি পড়তে চলেছে দুর্গা পুজোর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও, ওই অনুষ্ঠানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
কী কী পরিকল্পনার কথা জানা যাচ্ছে?
মহালয়ার দিন সকাল থেকেই একাধিক প্রোগ্রাম রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনী বাজানো হতে পারে গঙ্গার পাঁচটি ঘাট থেকে। পাশাপাশি ঘাটগুলিকে আলোর মালায় এদিন সাজিয়ে ফেলা হবে বলেও জানা গিয়েছে।
সূত্রের দাবি, এরপর বেলার দিকে রেড রোডে একটি রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব পরিকল্পনা ঠিক ভাবে চললে সেই রেড রোডের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রীও।
তবে মূল অনুষ্ঠান মূলত বিকেলে ইডেন গার্ডেন্সে। বিকেল ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা সাড়ে ৭টা পর্যন্ত মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর প্রধানমন্ত্রী মোদী উমা বরণ পর্বে অংশ নেবেন। তিনি মাতৃপ্রতিমায় চক্ষুদান করতে পারেন বলে একটি সূত্রের দাবি। সাড়ে ৭টার পর ১০ মিনিটের জন্য 3D ম্যাপিং প্রদর্শনীর আয়োজন করা হবে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার পাঁচটি প্রধান দুর্গাপুজোর উদ্বোধন করবেন। তালিকায় রয়েছে সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং, চেতলা অগ্রণী, সন্তোষ মিত্র স্কোয়ার এবং ত্রিধারা। এরপর রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন PM। সাড়ে ৮টার পর ড্রোন প্রদর্শনী ও আতশবাজির আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
ইডেন গার্ডেন্সে উমা বরণকে নজির বিহীন করে তুলতে আনা হচ্ছে ৩০০০ ঢাকি। একসঙ্গে তাঁদের ঢাকের বাদ্যিতে কেঁপে উঠবে শহর। এই আয়োজনকে বিশ্বরেকর্ড হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে এই বিশেষ পরিবেশনা ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের আগ্রহ তৈরি হয়েছে।
রেড রোডে দেখা যাবে সরাসরি সম্প্রচার
ইডেন গার্ডেন্সে এই বিশেষ অনুষ্ঠানের জন্য কোনও টিকিট বিক্রির আয়োজন করা হয়নি। শুধু বিশেষ বিশেষ ব্যক্তিদেরই এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য রেড রোডে করা হচ্ছে বিশেষ ব্যবস্থা। সেখানে লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। এই জায়ান্ট স্ক্রিনে ইডেন গার্ডেনের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যাবে। মনে করা হচ্ছে, প্রায় ২০ হাজার মানুষ রেড রোডে ওই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে হাজির থাকতে পারেন।