
প্রতিশ্রুতিমতো অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার তার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন, মেরুকরণের উদ্দেশ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চলেছে।
এ দিন মহুয়া মৈত্র বলেন,'অভিন্ন দেওয়ানি বিধি আনার পিছনে আপনাদের আসল উদ্দেশ্যটা কী? সব সাংবিধানিক রীতিনীতি মাথায় রেখে জনকল্যাণ এবং সাম্যের স্বার্থে আনা হচ্ছে? আমরা নিশ্চিত, এর একমাত্র উদ্দেশ্য হল ধর্মীয় মেরুকরণের রাজনীতি'। তিনি যোগ করেন,'ফৌজদারি মামলায় ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে। ভারতকে একভাবে দেখা সম্ভব নয়। ওরা চায় দেশের সব মানুষ যেন একই রকম দেখতে হয়, এক পোশাক পরে, একই খাবার খায় আর জয় শ্রী রাম স্লোগান দেয়। কিন্তু ভারতে তা কখনওই সম্ভব নয়। বিষয়টি খুব সংবেদনশীল'।
অভিন্ন দেওয়ানি বিধির আওতা থেকে আদিবাসীদের বাদ দেওয়া হতে পারে আগেই ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতারা। এ প্রসঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্য,'আদিবাসীদের বাদ দিচ্ছেন! মুসলিমদের বাদ দিচ্ছেন না। এটা অভিন্ন হলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। ফলে এটা অভিন্ন দেওয়ানি বিধি নয়। এটা নির্বাচিত দেওয়ানি বিধি। ফলে বোঝা যাচ্ছে, ধর্মীয় মেরুকরণই আসল উদ্দেশ্য'।
অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল কবে পেশ হবে সে কথা বলেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ইঙ্গিত দিয়েছেন শীঘ্রই তা চালু হতে চলেছে। শুক্রবার একটি সভায় তিনি বলেন,'ভরসা রাখুন পশ্চিমবঙ্গে আপনাদের সরকার আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধি আনবে'। সেই সঙ্গে যোগ করেন,'লভ জিহাদ, জমি জিহাদ এবং বলপূর্বক ধর্মান্তরণের বিরুদ্ধে কঠোর আইন করবে সরকার'।