Advertisement

Babun- Abhishek Banerjee: এ বার অভিষেকের বিরুদ্ধে থানায় বাবুন, কী অভিযোগ মমতার ভাইয়ের?

অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গত ৭ নভেম্বর অভিষেকের একটি ফেসবুক ভিডিও, সাম্প্রতিক কয়েকটি সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য এবং গত ২৪ সেপ্টেম্বর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে করা একটি পোস্টের কথা।

বাবুন ও অভিষেক বাবুন ও অভিষেক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 10:36 PM IST
  • অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গত ৭ নভেম্বর অভিষেকের একটি ফেসবুক ভিডিও
  • তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি

পরিবারের অন্দরের সংঘাত এবার পৌঁছল থানায়। তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁর কাকা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যিনি বাবুন বন্দ্যোপাধ্যায় নামেও পরিচিত। বৃহস্পতিবার দুপুরে সাত পাতার অভিযোগপত্র জমা দিয়ে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়েছেন তিনি।

অভিযোগপত্রে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে অপরাধমূলক ভয় দেখানো, সরকারি কর্মীদের অপমান করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার মতো অভিযোগ তুলেছেন বাবুন। তাঁর দাবি, অভিষেকের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছে।

অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গত ৭ নভেম্বর অভিষেকের একটি ফেসবুক ভিডিও, সাম্প্রতিক কয়েকটি সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য এবং গত ২৪ সেপ্টেম্বর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে করা একটি পোস্টের কথা। বাবুনের অভিযোগ, ওই সব বক্তব্যে অভিষেক বারবার কলকাতা হাই কোর্ট, সুপ্রিম কোর্ট এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন। এমনকী বিচারব্যবস্থাকে 'পক্ষপাতদুষ্ট' এবং 'বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে' বলেও মন্তব্য করেছেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে বাবুন আরও দাবি করেছেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, এই বক্তব্যগুলি শুধু রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মর্যাদা ও নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি। একই সঙ্গে এই অভিযোগগুলির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

Read more!
Advertisement
Advertisement