
ভাইফোঁটায় খাঁ খাঁ করছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি। দলের অন্দরের টানাপোড়েন এ বার পারিবারের মধ্যেই। মমতার সবচেয়ে ছোট ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়েছেন, তাঁর ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী। তাঁর আমন্ত্রণে মুখ্যমন্ত্রী খোদ এসেছিলেন কালীপুজোয়। আবার ভাইফোঁটায় মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'নতুন দিদি' চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে ফোঁটা নিয়েছেন তিনি। সব মিলিয়ে বাবুনের রাজনৈতিক গতিবিধি এ বার জোর চর্চায়। তবে জানেন কি, অনেক দিন আগেই মমতা ত্যাজ্য করেছিলেন বাবুনকে।
মমতার ভাই ছাড়া বাবুনের আর কী পরিচয়?
সম্পর্কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ছোট ভাই। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর দলের ক্রীড়া সেলের দায়িত্ব পান বাবুন। দলের নেতা হিসেবে বাবুনের নাম সেভাবে উঠে না এলেও বেশ কিছু দায়িত্ব ছিল তাঁর হাতে। একাধিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তালিকায় ছিল হকি, টেবিল টেনিস, কবাডি সহ একাধিক খেলা। মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারিও ছিলেন তিনি। এ ছাড়াও তিনি ছিলেন স্পোর্টস কাউন্সিলরদের সদস্য। কি বেঙ্গল, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশন, বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।
কেন মমতার সঙ্গে মন কষাকষি?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া থেকে প্রার্থী করা হয়েছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তা নিয়ে ঘোরতর আপত্তি ছিল বাবুনের। প্রসূনের চেয়ে অনেক যোগ্য প্রার্থী থাকতেও, তাঁকে প্রার্থী করা হল কেন, প্রশ্ন তোলেন বাবুন। আরও এক কদম এগিয়ে জানান, প্রসূনের বিরুদ্ধে নির্বাচনে নামতে প্রস্তুত তিনি। প্রয়োজনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন।
ত্যাজ্য করেন মমতা
ভাইয়ের বিরুদ্ধে মুখ খোলেন মমতা। তিনি বলেন, 'আমার পরিবার বলে কিছু নেই। পরিবারকে বাদ দিয়ে, যে যাঁর খেলা খেলুন। আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না, সব সম্পর্ক ছিন্ন করলাম। ওকে আমি পরিবারের অংশ বলে মনে করি না। ওঁর অনেক কাজকর্মই আমার পছন্দ নয়।' মমতা আরও জানান, অনেক কথা প্রকাশ্যে বলা যায় না। তাই তিনিও প্রকাশ্যে কিছু বলবেন না। তবে তিনি বলেন, 'কিছু মানুষের বয়স বাড়লে লোভও বাড়ে।'
ভোলবদল বাবুনের
তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করার কয়েকঘণ্টার মধ্যেই ফের বাবুন সে সময়ে বলেছিলেন, 'আমি প্রার্থী হব না। মমতার ভাই হয়েই থাকতে চাই। দিদিই আমার অভিভাবক। ভুল করলে যা বলবেন, আমি শুনতে রাজি। দিদির বাইরে কিছু চিনি না আমি। দিদি যা ইচ্ছে বলতে পারে ভাইকে।'
BJP-র সঙ্গে যোগ
আগেও একাধিকবার বাবুনের বিরুদ্ধে BJP নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছিল স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে তিনি বলেছিলেন, 'মমতা যতদিন আছেন, দল ছাড়ার কথা ভাবছি না'। পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্য ছাব্বিশে ভরাডুবির জন্য দলের একাংশকেই দায়ী করেন। প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিতে শোনা যায় তাঁকে।
ভোট দিতে পারেননি বাবুন
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে SIR তালিকা থেকে তাঁর নাম ডিলিট হয়ে যায়। ভোট দিতেই পারেননি বাবুন। যা নিয়ে প্রকাশ্যে তাঁকে আক্ষেপ করতেও শোনা যায়। মমতাকেও বলতে শোনা যায়, তাঁর পরিবারের সদস্যের নাম কাটা গিয়েছে। যদিও তিনি বাবুনের নাম নেননি।
মমতার স্মৃতিচারণা
ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সে সময়ে আবেগপ্রবণ হয়ে কিছু স্মৃতিচারণা করেছিলেন। ছোটবেলার কথা উল্লেখ করে আক্ষেপের সুরে মমতা বলেছিলেন, 'খুব কম বয়স থেকে রাজনীতি করে এসেছি। একাধিক ভাই-বোনকে নিয়েই সংসার ছিল। কিন্তু ওকে মানুষ করতে পারিনি। আমার বলা উচিত নয়, সে দিন অভিষেককে বলছিলাম, আমাদের বাবা যখন মারা যায়, বাবুনের তখন ছিল আড়াই বছর বয়স। আমি তখন ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে ওকে মানুষ করেছি। কিন্তু তখন থেকে রাজনীতি করতাম বলে হয়ত মানুষ করতে পারিনি।'
'ভালোবাসার মানুষ শুভেন্দু'
মঙ্গলবার সন্ধ্যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয়। সেখানে মায়ের আরতিও করেন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আগে কখনও এই পুজো হয়নি। রাস্তা আটকে এই পুজো হচ্ছে যাতে তাঁর বাড়ির পুজোয় কেউ যেতে না পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুন বলেছেন, 'দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভাল লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী। মমতা আমার জন্য কিছু করেনি।'