
ভোটে হারার পর থেকে সময় যেন কিছুতেই ভাল যাচ্ছে না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইনি অস্বস্তি আরও বাড়ল তৃণমূল নেত্রীর। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক কথা বলা হয়েছে। আর তারপরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই এই ঘটনার পর ক্ষুব্ধ রাজনৈতিক মহলের একাংশ। পদ থেকে সরতেই দেশের অন্দরের তথ্য ফাঁস কীভাবে করলেন উঠছে সেই প্রশ্নও।
আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছেন।
দার্জিলিংয়ের শিলিগুড়ির সাইবার পুলিশ থানায় আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগটি মঙ্গলবার ওয়াই-চ্যানেলে দেওয়া জনসভা থেকে তৈরি হয়েছে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি স্বরাষ্ট্র মন্ত্রক সম্পর্কিত গোপনীয় তথ্য থাকার দাবি করেন এবং প্রতিবেশী বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে যুক্ত করার অভিযোগ তোলেন। অভিযোগকারী উল্লেখ করেছেন,এই প্রকাশ্য মন্তব্যগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলছে, জাতীয় অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে এবং সীমান্তের ওপারে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই, অর্থাৎ গত মাসের শেষেও এই আইনজীবী শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়।
আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং সেইসময় বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল।’ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই FIR-এ দু’টি ঘটনার কথা উল্লেখ করেন আইনজীবী রিঙ্কি। প্রথমটি ২০২৫ সালের। একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছিলেন মমতা। সেই নিয়ে বিতর্কও হয়েছিল। অন্য মন্তব্যটি তিনি করেছিলেন ছাব্বিশের ভোটের আগে ধর্মতলার ধর্না মঞ্চ থেকে। রিঙ্কি লেখেন, ‘এই সব মন্তব্যে শুধু ভারত নয়, গোটা বিশ্বের কোটি কোটি সনাতনী মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিতে গভীর ভাবে আঘাত লেগেছে।’ ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ।