
'পাল্টি' শুরু হয়েছে গত ৪ মে থেকেই। নীচুতলা থেকে উপর, সব স্তরের একের পর এক নেতা প্রকাশ্যেদলের বিরুদ্ধে মুখ খুলছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। আক্ষরিক অর্থেই তৃণমূল কংগ্রেসে গৃহদাহ চলছে। এহেন পরিস্থিতিতে কবিতা লিখেই মনের ভাব প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম দিলেন, 'গিরগিটি'।
'আর কত নেবে চরিত্র বদলাতে? আর কত চাও?'
গিরগিটি যেভাবে রং বদলায়, তৃণমূলের নেতারাও একের পর এক ভোল বদলে ফেলছেন। কেউ বেসুরো, কেউ চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের, কেউ আবার পদ ছেড়ে দিয়ে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। মূলত বেশির ভাগ নেতার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। ফেসবুকে পোস্ট করা কবিতায় মমতা লিখলেন, ‘আর কত নেবে চরিত্র বদলাতে? আর কত চাও? নিজেদের ভোল বদলাতে?’
গিরগিটি বলেই থামেননি মমতা
ঋজু দত্ত থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, দেবলীনা বিশ্বাস, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, কয়েকশো কাউন্সিলর, কর্মী, ৪ মে-র পর থেকে তৃণমূল কংগ্রেসে চরম বিদ্রোহ। অবস্থা এতটাই শোচনীয় যে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটা আদৌ থাকবে কিনা, তা নিয়েই সন্দেহ। মমতা এই সব নেতা, নেত্রীদের উদ্দেশ্যে কবিতায় লিখলেন, 'গিরগিটির থেকেও ভয়ঙ্কর।' গিরগিটি বলেই থামেননি মমতা। এই সবের ফল যে একদিন পাবে সবাই, তাও সতর্ক করেছেন দলনেত্রী। লিখলেন, 'রথের চাকা চলে। তোমাদের চাকাও চলবে।' আরেক জায়গায় লিখছেন, 'ফল পাবে, ধৈর্য ধরো, শীঘ্রই উত্তর পাবে।'
তৃণমূল কংগ্রেসে এখন কাদা ছোড়াছুড়ি চূড়ান্ত ভাবে চলছে
আসলে তৃণমূল কংগ্রেসে এখন কাদা ছোড়াছুড়ি চূড়ান্ত ভাবে চলছে। কাকলি ঘোষদস্তিদারকে সরাসরি টার্গেট করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা কাকলিও কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি দিচ্ছেন। কাকলিকে নারদ স্টিংঅপারেশন স্মরণ করিয়েছেন কল্যাণ। আরেক নেতা অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কল্যাণের মন্তব্য, 'অরূপকে নেতা করেছেন কে? অভিষেক। তাই উনিই দায়ী এ সবের জন্য। অভিষেক যাঁদের নেতা করেছেন, তাঁরাই এখন ওঁর বিরুদ্ধে বলছেন। অরূপের কী যোগ্যতা আছে যে, ও সারা রাজ্যের নেতা হবে? গোটা রাজ্যে বক্তৃতা করে বেড়িয়েছে। আজ কেন যাচ্ছে না?'
মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কটাক্ষ, 'এরকম আরও অনেক ইস্যু পাবেন কবিতা লেখার। কবিতা লিখুন। দলটাই না উঠে যায়!'