
রাজ্যে পরিবর্তনের পর 'বেআইনি নির্মাণ' ভাঙতে চলেছে বুলডোজার। হাওড়া, শিয়ালদা স্টেশন থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ হকারদের। এ নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না।
এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন,'বাড়িঘর থেকে শুরু করে হকারদের স্টল, রাজনৈতিক ঔদ্ধত্যের চরম মাশুল গুনতে হচ্ছে গরিব মানুষকে। বাংলা কখনও বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না। রবীন্দ্রনাথ এবং নেতাজির এই পুণ্যভূমিতে সাধারণ মানুষদের উপর ভয় দেখিয়ে, বলপ্রয়োগ করে বা উচ্ছেদ অভিযানের নামে শাসন করা যায় না'।
তিনি যোগ করেন,'আজ আমরা যা দেখছি, তা আসলে বাংলার মানুষের সম্মানের ওপর আঘাত। দিনমজুর, হকার, ছোট দোকানদার এবং গরিব পরিবারগুলি তিলে তিলে জীবিকার মাধ্যম তৈরি করেছিল। সেখানে আঘাত হানা হচ্ছে'।
সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে মমতা লিখেছেন,'হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান, তিলজলা ও পার্ক সার্কাসের রাস্তায় ক্ষোভ দেখিয়েছেন মানুষ। আচমকা মাথা গোঁজার ঠাঁই ও রুজি-রুটি হারানো মানুষের তীব্র হাহাকার প্রমাণ করে যে এই সরকার মানবতার চেয়ে বাহ্যিক আড়ম্বর দেখাতে বেশি ব্যস্ত'।
তাঁর মতে,'যে সরকার আগে ঘর ভাঙে এবং পরে কথা শোনে, তারা বাংলার আবেগকেই ভুলে গিয়েছে। প্রকৃত উন্নয়ন মাপা হয় একটি রাজ্য তার সবচেয়ে দুর্বল নাগরিকদের সঙ্গে কেমন আচরণ করছে তা দিয়ে, কত দ্রুত তাদের মুছে ফেলা হচ্ছে, সেটা দিয়ে নয়'।
পরিশেষে মমতা মনে করিয়ে দিয়েছেন,'সংস্কৃতি, সহানুভূতি এবং শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহ্যে গড়ে ওঠা একটি রাজ্যে বুলডোজার কখনও প্রশাসনের ভাষা হতে পারে না'।
শনিবার রাতে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় দেড়শোর বেশি অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে শিয়ালদা স্টেশন থেকেও অবৈধ হকারদের দোকান সরিয়েছিল রেল কর্তৃপক্ষ।