
রাজ্যে গ্যাস সঙ্কটের পরিস্থিতিতে জেলায় জেলায় কালোবাজারির অভিযোগ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কালোবাজারি যে হচ্ছেই এখনই এমনটা বলতে চান না তিনি। এই পরিস্থিতির জন্য অবশ্য মুখ্যমন্ত্রী সরাসরি দায়ী করেছেন কেন্দ্র সরকারকেই।
দেশে গ্যাসের জোগানের কী পরিস্থিতি রয়েছে তা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে জানাতে হবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে সাপ্লাই চেন ঠিক রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি। দেশে গ্যাস কম মজুত রয়েছে তা কেন্দ্র কেন আগে বুঝতে পারেনি, প্রশ্নও তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার নিউজ ১৮ বাংলা এবং এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে কালোবাজারি নিয়েও প্রশ্নের জবাব দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, এই সঙ্কট নিয়ে বৃহস্পতিবার একটি জরুরি বৈঠকও করবেন তিনি।
রাজ্যে যাতে কেউ ইচ্ছাকৃত ভাবে গ্যাস মজুত করে না রাখে, তা দেখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'সরকার যদি বলে দেয় ২৫ দিন আগে গ্যাস বুকিং করতে হবে তাহলে যারা সুবিধেবাদী তারা তো সুযোগ নেবেই। তাতে সাধারণ মানুষের সমস্যা বাড়বেই। কালোবাজারি হয়েছে আমি এখনও বলছি না। তবে সরকার এটা হতে দিল কেন?'
মুখ্যমন্ত্রীর দাবি, 'অবিলম্বে কেন্দ্রকে প্রয়োজনে সংসদে বিবৃতি দিয়ে জানাতে হবে এই মুহূর্তে গ্যাসের ভাণ্ডার কত। সেই স্টক বুঝে সরকারকে প্রত্যেক রাজ্যের মধ্যে গ্যাস সমবন্টন করে দিতে হবে। সবার আগে সাপ্লাই চেন ওপেন করতে হবে। কারণ এই পরিস্থিতিতে যদি কেউ কালোবাজারি করে তার জন্য দায়ী কেন্দ্র সরকার।'