Advertisement

মমতার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা, INDIA জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee on INDIA Bloc Meeting: রবিবার দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রথমে মিটিংয়ে যেতে রাজি না হলেও, পরে সিদ্ধান্ত বদল করেন MAITC-এর নেত্রী।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 9:07 AM IST
  • সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন।
  • শনিবার রাতেই দিল্লিতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
  • INDIA জোটের নেতারা মমতার জন্য একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করার প্রস্তাবও দিয়েছিলেন।

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে শনিবার রাতেই দিল্লিতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিশেষ অধিবেশনের আগেই INDIA জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্য গিয়েছেন তিনি। যদিও তৃণমূল নেত্রী জানিয়েছেন, প্রথমে তিনি বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন তিনি বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার দিল্লি যাওয়ার আগে মমতা বলেন, "আপনারা প্রতিদিন দেখছেন, আমার নির্বাচনী কেন্দ্রে কী ঘটছে। অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি কোথাও যেতে চাই না। কিন্তু বারবার আমাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রবীণ নেতারা আমাকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। আমি তাঁদের নাম বলব না। তবে তাঁরা আমার জন্য একটি বিশেষ বিমানেরও ব্যবস্থা করেছেন। আপাতত আমি রওনা হচ্ছি। কিন্তু ফিরে এসে যথাযথ পদক্ষেপ করব। বাংলা যেন তার নিজস্ব পরিচয় বজায় রাখে।"

বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, INDIA জোটের নেতারা তাঁর জন্য একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করার প্রস্তাবও দিয়েছিলেন। তবে, তিনি একটি সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, 'আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাচ্ছি।'

প্রসঙ্গত, সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। জল্পনা চলছে, আসন্ন অধিবেশনে লোকসভার আসনবৃদ্ধি এবং পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ করিয়ে পাস করানোর তোড়জোড় শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট। তার আগে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে বিরোধী শিবিরও। শনিবারই সকালেই ‘ইন্ডিয়া’র শরিক দলের সদস্যেরা বৈঠকে যোগ দিয়েছিলেন। রবিবার INDIA ব্লকের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্লকে আলোচনা না হওয়া পর্যন্ত তিনি এবিষয়ে কোনও মন্তব্য করবেন না।

 

Read more!
Advertisement
Advertisement