
২১ জুলাই কাদের? কারা পালন করবেন দিনটি? তা নিয়ে দ্বন্দ্ব সামনে এসেছে দুই তৃণমূলের। কালীঘাট ও ঋতব্রত তৃণমূল-দুই পক্ষই সভা করার জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছে পুলিশকে। এবার সামনে এল কালীঘাট তৃণমূলের পুলিশ কমিশনারকে পাঠানো চিঠি। সেখানে লেখা, তাঁরা একুশে জুলাই দীর্ঘ দিন ধরে ২১ জুলাই 'শহিদ দিবস'পালন করে আসছেন। এবারও তাই করবেন।
চিঠিতে লেখা, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দিনটি পালন করে আসছে ভিক্টোরিয়া হাউজের সামনে। এবারও তাই করবে। সেজন্য প্রয়োজনীয় অনুমতি দরকার।
ওই এলাকায় ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত অনুমতির প্রয়োজন বলেও দাবি করেছে কালীঘাট শিবির। আবেদন পত্রে লেখা, '১৯ ও ২০ জুলাই, ২০২৬ তারিখে মঞ্চসজ্জাকারী এবং দলের কর্মীরা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সাজসজ্জার কাজ করবেন। এজন্য ১৯ জুলাই ভোর থেকেই সময়ের প্রয়োজন হবে। ২১ জুলাই মূল অনুষ্ঠান হবে। ওই দিনের অনুষ্ঠান বিকেল ৪টার মধ্যে শেষ হবে। তবে জনসমাগম ছত্রভঙ্গ হতে কিছু অতিরিক্ত সময় লাগতে পারে।'
রাজ্যের পূর্বতন শাসকদলের তরফে আগামী ৭ দিনের মধ্যে অনুমতি মঞ্জুর করার আবেদন করা হয়েছে। তবে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২১ জুলাই এবার আদৌ হবে কি না তা নিয়ে জল্পনা ছিল। তবে কয়েকদিন আগে উত্তর কলকাতার এক সভা থেকে ফোনবার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, শহিদ দিবস পালন করা হবে। হাতে গোনা কয়েকজন থাকলেও সভা হবে। তারপরই সামনে এল পুলিশকে পাঠানো সেই আবেদনপত্র।
এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও সেদিনই আলাদাভাবে ২১ জুলাই করতে চায় সেই ভিক্টোরিয়া হাউজের সামনেই। এ নিয়ে মমতা বিরোধী শিবিরের এক বিধায়ক বলেন, 'আমাদের ঐতিহ্যবাহী ২১ জুলাই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই করব। প্রশাসন অনুমতি না দিলে তখন অন্য জায়গা নিয়ে ভাবা যাবে।'