Advertisement

Mamata Banerjee- Ritabrata Banerjee : ভুয়ো হলফনামা তৈরি করে নির্বাচন কমিশনে জমা? ঋতব্রত-অরূপদের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতা শিবিরের

মমতা শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে এমন একটি ছবি তুলে ধরতেই এই নথিগুলি তৈরি করা হয়েছিল, যাতে মনে হয় সাধারণ মানুষ অরূপ রায়কে তৃণমূলের নেতা হিসেবে মেনে নিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের নেত্রী হিসেবে স্বীকার করছেন না।

অরূপ রায়, মমতা ও ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় অরূপ রায়, মমতা ও ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 2:25 PM IST
  • দলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের দাবি-পাল্টা দাবি নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে
  • উভয় পক্ষই নিজেদের সাংগঠনিক সমর্থনের প্রমাণ হিসেবে হলফনামা জমা দিয়েছে

দলের নাম ও প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের সংঘাতে এবার নতুন মোড়। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা জাল করার অভিযোগে বিরোধী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় এবং নানুর থানার একাধিক পুলিশকর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। অভিযোগ, পুলিশের একাংশের সঙ্গে যোগসাজশ করে সাধারণ মানুষের নাম ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়ো হলফনামা তৈরি করা হয়েছে। সেই নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার উদ্দেশ্য ছিল বলেও অভিযোগে দাবি করা হয়েছে। কলকাতার কালীঘাট থানায় এই অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের তরফে আইনজীবী সুভাশিস চক্রবর্তী।

অভিযোগপত্রে নানুর থানার ওসি সঞ্জয় সরকার, ওই থানার সাব-ইনস্পেক্টর গোলক ঘোষ, বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অরূপ রায়ের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নানুর থানার অন্যান্য পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মমতা শিবিরের দাবি, একটি সুপরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে জাল হলফনামা তৈরি, সাধারণ মানুষের স্বাক্ষর নকল এবং নোটারি সংক্রান্ত সিল ও স্বাক্ষরের অপব্যবহার করা হয়েছে।

অভিযোগে কী বলা হয়েছে?

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ২৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে নানুর থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের একাংশ এই কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আশপাশের গ্রামের ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এরপর সেই তথ্য ব্যবহার করে আগে থেকে তৈরি করে রাখা হলফনামার ফাঁকা জায়গাগুলি পূরণ করা হয়।

অভিযোগকারীর দাবি, যাঁদের নামে ওই হলফনামাগুলি তৈরি করা হয়েছিল, তাঁদের অনেকেই নাকি সংশ্লিষ্ট নথি তৈরি করার সময় উপস্থিত ছিলেন না। এমনকী, তাঁরা স্বেচ্ছায় কোনও হলফনামায় স্বাক্ষরও করেননি। অথচ তাঁদের নাম ও পরিচয় ব্যবহার করে এমনভাবে নথি তৈরি করা হয়েছিল, যাতে মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই হলফনামা জমা দিয়েছেন।

Advertisement

অভিযোগে আরও বলা হয়েছে, স্ট্যাম্প পেপার কেনার ক্ষেত্রে ক্রেতার নাম-ঠিকানা-সহ প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে উল্লেখ করা হয়নি। আগে থেকে তৈরি করা হলফনামার ফরম্যাটে সাধারণ মানুষের নাম ও অন্যান্য তথ্য বসিয়ে দেওয়া হয়। এরপর তাঁদের স্বাক্ষর জাল করে নথিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। নোটারি পাবলিকের স্বাক্ষর ও সিলের অপব্যবহার এবং অন্যান্য ভুয়ো সহায়ক নথি তৈরির অভিযোগও আনা হয়েছে।

কেন তৈরি করা হয়েছিল এই হলফনামা?

মমতা শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে এমন একটি ছবি তুলে ধরতেই এই নথিগুলি তৈরি করা হয়েছিল, যাতে মনে হয় সাধারণ মানুষ অরূপ রায়কে তৃণমূলের নেতা হিসেবে মেনে নিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের নেত্রী হিসেবে স্বীকার করছেন না। দলের নাম, প্রতীক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের মধ্যে যে বিরোধ চলছে, তার মধ্যেই এই হলফনামাগুলি জমা পড়েছে বলে অভিযোগ।

দলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের দাবি-পাল্টা দাবি নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে। উভয় পক্ষই নিজেদের সাংগঠনিক সমর্থনের প্রমাণ হিসেবে হলফনামা জমা দিয়েছে। সেই প্রেক্ষাপটে হলফনামা জাল করার অভিযোগ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অভিযোগ অস্বীকার অরূপ রায়ের

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তাঁর বক্তব্য, যে কেউ পুলিশে অভিযোগ দায়ের করতে পারেন, সেটি তাঁদের অধিকার। তবে তাঁদের জমা দেওয়া সমস্ত হলফনামা দলের কর্মীরাই জমা দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই ধরনের ভিত্তিহীন অভিযোগে তাঁদের কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন অরূপ।

তবে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও এফআইআর দায়ের করেছে কি না, কিংবা অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।  

 

Read more!
Advertisement
Advertisement