Advertisement

KMC Election 2026 BJP Candidate: পুরভোটে TMC-র একাধিক প্রাক্তন কাউন্সিলরকে কি টিকিট দেবে BJP? যাঁদের ঘিরে জল্পনা

নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কাদের টিকিট দেওয়া যেতে পারে, কাদের উপর মানুষ ভরসা রাখবে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে সব দলেরই অন্দরে। অভিজ্ঞদের খোঁজে রয়েছে BJP। সেক্ষেত্রে কি তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলরকে নেওয়া হবে? ২২ জনকে নিয়ে চলছে জল্পনা।

কলকাতা পুরসভা কলকাতা পুরসভা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 11:57 AM IST
  • অভিজ্ঞদের খোঁজে রয়েছে BJP
  • তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলরকে নেওয়া হবে?
  • ২২ জনকে নিয়ে চলছে জল্পনা

পুরভোটের দিন ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। শাসক থেকে বিরোধী সকলেই প্রস্তুতি শুরু করেছে। নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কাদের টিকিট দেওয়া যেতে পারে, কাদের উপর মানুষ ভরসা রাখবে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে সব দলেরই অন্দরে। অ্যাডভান্টেজে রয়েছে শাসকদল। আবার একাধিক ভাগে বিভক্ত তৃণমূল শিবিরের কিছু প্রাক্তন কাউন্সিলরও ঝুঁকে রয়েছে শাসকের দিকেই। সেক্ষেত্রে টিকিট দেওয়া নিয়ে নানা জল্পনা উঠে আসছে। রাজনৈতিক কারবারিদের একাংশের ধারণা, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের অনেকেই BJP-র টিকিট বাগিয়ে ফেলতে পারেন। 

BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার জানিয়েছেন, পুরভোটে তৃণমূলের কাউকে টিকিট দেওয়া হবে না। BJP-র রাজ্য নির্বাচনী কমিটির অন্যতম সদস্য বিধায়ক রীতেশ তিওয়ারিও জানিয়েছেন, দলের প্রার্থী বাছাইয়ে BJP-র পুরনো কর্মীদের ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে। ২০২৬-এর ভোটে আমরা একাই জিতেছি, পুরভোটেও একাই জিতব বলে উল্লেখ করেছেন পুরসভা ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তবে তা সত্ত্বেও BJP-র টিকিটের চাহিদা আকাশছোঁয়া। 

ড্রপবক্সে পুরভোটের প্রার্থী বাছাই প্রক্রিয়ার জন্য বায়োডেটা জমা নিয়েছে BJP। জানা যাচ্ছে, কলকাতার ২০৯টি ওয়ার্ডের জন্য প্রায় ৩ হাজার বায়োডেটা জমা পড়েছে। প্রতিটি ওয়ার্ডের জন্য গড়ে ১০-১২টি করে। কলকাতার মতো মহানগরে জল-আলো-রাস্তা-জঞ্জাল-নিকাশির মতো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পুরসভায় কাজ করা অভিজ্ঞ জনপ্রতিনিধির প্রয়োজনীয়তাও এড়িয়ে যেতে পারছে না পদ্ম শিবির। সেক্ষেত্রে কি BJP-র দিকে ঝুঁকে থাকা প্রাক্তন তৃণমূলীদের কথা ভেবে দেখা হবে? এই নিয়ে উঠছে প্রশ্ন। 

BJP-র তরফে অভিজ্ঞ জনপ্রতিধি মুখ হিসেবে রয়েছেন সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝা এবং ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেস থেকে BJP-তে আসা সন্তোষ পাঠক। এই ৪ জন বাদে কলকাতার বাকি ওয়ার্ডগুলির ক্ষেত্রে যোগ্য লোকের প্রয়োজনীয়তা আছে, মেনে নিচ্ছে শীর্ষনেতৃত্বও। 

কলকাতায় ডে টু ডে নাগরিক পরিষেবা দিতে পারবেন, এমন উপযুক্ত প্রার্থী বাছাই করার ক্ষেত্রে BJP প্রাক্তন তৃণমূলীদের সুযোগ দেয় কি না, সেটাই লাখ টাকার প্রশ্ন। দাগহীন এবং অভিজ্ঞদের অনেকেরই নাম ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এর মধ্যে রয়েছেন উত্তর কলকাতার ৭, দক্ষিণ কলকাতার ১২ এবং টালিগঞ্জের ৩ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। স্থানীয়স্তরে তাঁদের স্বচ্ছ ভাবমূর্তি এবং সুনামকে গুরুত্ব দেওয়া হতে পারে। জল্পনায় থাকা এই ২২ জনের মধ্যে রয়েছেন অন্তত ৪ জন প্রাক্তন মেয়র পারিষদ এবং ৩ জন বোরো চেয়ারম্যান। তাঁদের অনেকেই আবার বিদ্রোহী তৃণমূল শিবিরে রয়েছেন। সেক্ষেত্রে ঋতব্রতদের ডেমোক্রেটিক তৃণমূলের হয়েও অনেকে দাঁড়াতে পারেন। 

Advertisement

সূত্রের খবর, NCPI সাংসদ মালা রায়, সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায় মারফত ৪৪ জনের নাম নবান্নে জমা পড়েছে। গত ২২ জুন নিউটাউনের হোটেলে ঋতব্রত তৃণমূলের বৈঠকে অনেক প্রাক্তন কাউন্সিলর হাজির ছিলেন। তাঁদের অবস্থান নিয়েও জল্পনা চলছে। আবার গণতান্ত্রিক ও মমতা তৃণমূল ছেড়ে অনেকেই সরাসরি BJP-র টিকিটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশও করেছেন। একাধিক মেয়ার পারিষদ, প্রাক্তন বিধায়ক-মন্ত্রীর সন্তানরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও পরিবারের সদস্যও রয়েছেন এই তালিকায়। এখন দেখার পদ্ম নেতৃত্বে কী সিদ্ধান্ত নেয়। 

 

Read more!
Advertisement
Advertisement