
ক্ষমতায় আসার আগে থেকেই মহিলা সুরক্ষাকে ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা করেছিল BJP। দায়িত্ব পেয়েই তাই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে উদ্যত মন্ত্রী অগ্নিমিত্রা পল। নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী ঘোষণা করলেন, রাজ্যে মহিলাদের জন্য এবার থেকে চালু থাকবে ২৪X৭ হেল্পলাইন নম্বর। যে কোনও প্রয়োজন বা সমস্যা সেই নম্বরে ফোন করলে পুলিশি সাহায্য মিলবে।
অগ্নিমিত্রা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, 'এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার বলেছিলাম। খুব তাড়াতাড়ি ১৮১ মহিলাদের হেল্পলাইন নম্বর আমরা চালু করতে চলেছি। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন, তা জানা যাবে।'
উল্লেখ্য, BJP-র সংকল্প পত্রে প্রতিটি থানায় মহিলাদের হেল্প ডেস্ক চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে কথা স্মরণ করিয়ে অগ্নিমিত্রা পল বলেন, 'এই হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনার লোকেশন অনুসারে আপনার কাছাকাছি থানার মহিলা ডেস্কে খবর চলে যাবে, যাতে আপনারা দ্রুত সাহায্য পান।'
পাশাপাশি খোলা আকাশের নীচে স্বাধীন ভাবে বাঁচতে পারবেন এ রাজ্যের মহিলারা, তাঁরা কেউ নীতিপুলিশির শিকার হবেন না। এই প্রতিশ্রুতিও দিয়েছেন রাজ্যের মন্ত্রী। অগ্নিমিত্রার কথায়, 'আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা, তাঁরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কী খাবেন, কী পরবেন, আপনাদের কখন বেরনো উচিত, আর কখন বেরনো উচিত নয়। আমরা বলব না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস।'