
Missing Mobile Status: হারানো মোবাইল ফিরে পেতে স্থানীয় থানা বা লালবাজার দৌড়াতে হবে না। কারণ, এখন হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়া গেল কিনা, তা জানতে স্মার্টফোনের এক ক্লিকই যথেষ্ট! তাতেই জানা যাবে হারানো মোবাইল ফোনের বর্তমান স্টেটাস।
কলকাতা পুলিশের নতুন ওয়েবসাইটে এই সুবিধা দেওয়া হয়েছে। এই সাইটে ঢুকে ‘মিসিং মোবাইল স্টেটাস’-এ ক্লিক করলেই সেই লিঙ্ক থেকে এই সংক্রান্ত তথ্য জানতে পারবেন কলকাতার মানুষ। চলতি মাসেই কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু বদল আনা হয়েছে। বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা জুড়ে এর উপযোগিতাও আগের থেকে বাড়ানো হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল, এই ‘মিসিং মোবাইল স্টেটাস’ বিভাগটি, যেখানে ক্লিক করে শহরবাসী তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বর্তমান স্টেটাস।
এতদিন হারানো মোবাইল ফোন ফিরে পেতে কার্যত নাকাল হতে হয় শহরবাসীকে। অনেকেই তাদের হারানো মোবাইল ফোন ফিরে পান বটে, তবে তার জন্য নিয়ম অনুযায়ী অনেক কাঠখড় পোড়াতে হয়। যেমন, যেখানে ফোন হারিয়েছে, প্রথমে ওই এলাকার থানায় গিয়ে জিডি করতে হয়। তারপর সেই জিডি নম্বর এবং স্মার্টফোনের আইএমইআই নম্বর লালবাজারে জমা করতে হয়। তারপর লালবাজারে বারবার খোঁজ নিতে হয় আমজনতাকে। কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এই ‘মিসিং মোবাইল স্টেটাস’ বিভাগটি চালু হওয়ায় এই সব ঝক্কির হাত থেকে এবার বাঁচবে সাধারণ মানুষ।
বর্তমানে হারানো মোবাইল ফোন উদ্ধার হলে, প্রত্যেক সপ্তাহের শনিবার ফোনের মালিকদের লালবাজারে ডেকে সেগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু নতুন ব্যবস্থায় হারানো ফোনের মালিক তাঁর ‘মিসিং’ মোবাইল ফোনের স্টেটাস যখন খুসি ঘরে বসেই জেনে নিতে পারবেন। মিলবে প্রত্যেক মুহূর্তের তথ্যও।