Advertisement

মাটি না মেলায় বাতিল হচ্ছে একাধিক বায়না, চরম বিপাকে কুমোরটুলির শিল্পীরা

কুমোরটুলিতে প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটির সংকট তীব্র আকার নিয়েছে। শুক্রবার এই সমস্যার সময়কাল ৩০ দিন অতিক্রম করেছে বলে জানা গিয়েছে। এর জেরে ইতিমধ্যেই একাধিক প্রতিমার বায়না বাতিল হতে শুরু করেছে, যা উদ্বেগ বাড়িয়েছে মৃৎশিল্পীদের মধ্যে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 9:33 AM IST
  • কুমোরটুলিতে প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটির সংকট তীব্র আকার নিয়েছে।
  • শুক্রবার এই সমস্যার সময়কাল ৩০ দিন অতিক্রম করেছে বলে জানা গিয়েছে।

কুমোরটুলিতে প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটির সংকট তীব্র আকার নিয়েছে। শুক্রবার এই সমস্যার সময়কাল ৩০ দিন অতিক্রম করেছে বলে জানা গিয়েছে। এর জেরে ইতিমধ্যেই একাধিক প্রতিমার বায়না বাতিল হতে শুরু করেছে, যা উদ্বেগ বাড়িয়েছে মৃৎশিল্পীদের মধ্যে।

মৃৎশিল্পী সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রতিমার বায়না নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাঁদের বক্তব্য, সময়মতো প্রতিমা তৈরি ও সরবরাহ নিশ্চিত না করতে পারলে উদ্যোক্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা নতুন অর্ডার গ্রহণে সতর্ক অবস্থান নিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে বাবু পাল জানান, বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে ই-মেল করা হয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার থানা ও ভূমি ও ভূমি সংস্কার দফতরকেও চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যার সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে তিনি জানান।

মৃৎশিল্পীদের একাংশের দাবি, শুধু দক্ষিণ ২৪ পরগনাই নয়, হাওড়ার উলুবেড়িয়া থেকেও মাটি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও গভীর হয়েছে। একসময় জলপথে নৌকায় করে নিয়মিত মাটি আসত কুমোরটুলিতে, যা এখন প্রায় বন্ধ। একইভাবে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, আমতলা, ক্যানিংসহ বিভিন্ন অঞ্চল থেকেও মাটি আসা বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়েছে।

এই অবস্থায় চরম অনিশ্চয়তা ও উদ্বেগে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। তাঁদের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে আর্থিক সংকটের পাশাপাশি জীবিকা নিয়েও বড় সঙ্কটে পড়তে হবে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে কুমোরটুলির স্বাভাবিক কাজকর্ম আবারও গতি পায়। 

Read more!
Advertisement
Advertisement