
পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আজ অর্থাত্ সোমবার তিনি গেলেন গঙ্গাসাগর। সেখান থেকে ফিরে যাচ্ছেন সোদপুরে পানিহাটিতে লোকসংস্কৃতি ভবনে। দুর্গাপুজো, নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন, পুরভোটের আগে নিতিনের এই সফর তাত্পর্যপূর্ণ। বিশেষ করে রাজ্য বিজেপি-কে তিনি বেশ কিছু বার্তা দিলেন, যাতে স্পষ্ট, বিজেপি ক্ষমতায় এসেছে বলেই, সবাইকে ভোটের টিকিট দেওয়া হবে, এমন নয়।
‘দল যাঁদের যোগ্য মনে করবে, তাঁরাই পুরভোটে টিকিট পাবেন’
বস্তুত, পুরভোট নিয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন, অনেক দিন ধরে বিজেপি করছেন বলেই, পুরভোটে টিকিট মিলে যাবে, তা হবে না। যাঁরা জিততে পারবেন, তাঁদেরকেই দল টিকিট দেবে। নিতিন নবীনও কার্যত সেই বার্তাই দিলেন। বললেন, ‘দল যাঁদের যোগ্য মনে করবে, তাঁরাই পুরভোটে টিকিট পাবেন।’ বিধায়কদের উদ্দেশ্যে তিনি জানান, কেউ যদি পুরভোটের টিকিট চান, তাঁকে দলের সংগঠনের কাজ করতে উত্সাহ দিতে হবে।
ছবি তোলার সময় বাড়তি সতর্কতা
বৈঠকে দলের বিধায়কদের জনসংযোগ আরও বাড়ানোর বার্তা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি ব্যক্তিগত ভাবমূর্তি এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অপরিচিত বা সাধারণ মানুষের সঙ্গে ছবি তোলার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলেছেন তিনি। তাঁর পরামর্শ, কোনও ব্যক্তির সঙ্গে ছবি তোলার আগে তাঁর সম্পর্কে প্রাথমিকভাবে খোঁজ নেওয়া প্রয়োজন। ওই ব্যক্তি কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না, তা না জেনে তাঁর সঙ্গে ছবি তোলা হলে পরবর্তীতে তা নিয়ে দলের বিধায়ককে অস্বস্তিতে পড়তে হতে পারে।
দুর্গাপুজোর কমিটিতে সভাপতি হওয়ার জন্য চাপ দেওয়া যাবে না
অন্যদিকে, দুর্গাপুজোর কমিটিগুলির সঙ্গেও বিধায়কদের সম্পর্ক রাখার পরামর্শ দেওয়া হলেও কোনও কমিটিতে নিজেদের উদ্যোগে পদ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। কোনও পুজো কমিটি স্বেচ্ছায় সভাপতি বা অন্য কোনও দায়িত্ব দিতে চাইলে তা গ্রহণ করা যেতে পারে বলে জানানো হয়েছে। বিজেপি সভাপতির বক্তব্য, দলের কোনও নেতা বা জনপ্রতিনিধি অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ করতে দেরি করা হবে না।
আজই নিতিন নবীনের কলকাতা সফরের শেষ দিন। যুব সংবাদ কনক্লেভে যাবেন দুপুরে। সেখানে তিনি ১টা ১৫ মিনিট থেকে ২.১৫ পর্যন্ত থাকবেন। বিকেল ৪টে ১০ মিনিটে তাঁর দিল্লি ফিরে যাওয়ার বিমান।