
হচ্ছে না ঘূর্ণিঝড়। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে মুক্তি নেই। সেটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এমনটাই লেটেস্ট আপডেটে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাই আজ বৃষ্টিতে ভিজবে বাংলার উত্তর থেকে দক্ষিণের জেলাগুলি। এমনকী বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে কলকাতাতেও। এহেন বৃষ্টির দাপট এখন কয়েকদিন থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
কোথায় রয়েছে নিম্নচাপ?
২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৫টা ৩০ মিনিটে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। আজ সকাল ৫টা ৩০ মিনিটে এটি একই অঞ্চলের উপর অবস্থান করছে।
এর ভৌগলিক অবস্থান ১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৩° পূর্ব দ্রাঘিমাংশের কাছে। এক্ষেত্রে নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ২৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপর এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থলভাগে ঢুকবে কবে?
এই সিস্টেম পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এটি। এটা ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে গভীর নিম্নচাপ হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি, বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আর এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই দেখা যেতে শুরু করেছে বাংলায়।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার আগামিকালও ভারী বৃষ্টি হবে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টি হবে। আজ ভিজবে কলকাতাও। সেই সঙ্গে ঝড়ের দাপটও থাকবে।
উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিমেও বৃষ্টির সম্ভাবনা প্রবল।