
বিশ্ব হিন্দু পরিষদ (VHP) পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে। VHP নেতারা দুর্গাপুজো আয়োজকদের পুজো মণ্ডপে আমিষ খাবার পরিবেশ করা থেকে বিরত থাকতে এবং ঐতিহ্যবাহী প্রথায় ফিরে আসার জন্য আবেদন করেছেন। সংগঠনটি স্পষ্ট করেছে, বাংলায় এই উৎসবের সময়ে আমিষ খাবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানানো হচ্ছে না, বরং মণ্ডপের কাছাকাছি আমিষ খাবার বিক্রি বা গ্রহণ করা উচিত নয়, সেটাই বলা হচ্ছে।
VHP জানিয়েছে, তাদের প্রধান উদ্দেশ্য হল দেবী দুর্গার প্রতিমা যেন আমিষ খাবারের সংস্পর্শে না আসে, তা নিশ্চিত করা। সংগঠনটি আরও জানিয়েছে, তারা পুজোর সময়ে আমিষ খাবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে না কারণ বাংলায় দুর্গাপুজোতে কখনও কঠোর ভাবে নিরামিষ খাবার খাওয়ার রীতি ছিল না। তবে দেবী দুর্গার প্রতিমার পবিত্রতা রক্ষা করা জরুরি, এমনটা মনে করছে VHP।
সংগঠনটির RSS সমর্থিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য নির্গুণানন্দ বলেছেন, 'প্রতিমার পবিত্রতা রক্ষা রা এবং প্যান্ডেলের ভিতরে ও চারপাশে শুচিতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সনাতনীদের কর্তব্য।' তিনি আরও বলেন, 'যদি আমিষ খাবার বিক্রি করার প্রয়োজন হয়, তবে তা পুজো প্যান্ডেলের বাইরে একটি নির্দিষ্ট স্থানে করা উচিত। যাতে খাবারের উচ্ছিষ্ট প্যান্ডেলের চারপাশে ছড়িয়ে না পড়ে।'
VHP আরও ইঙ্গিত দিয়েছে, পুজো কমিটিগুলি যদি প্রতিমার পবিত্রতা রক্ষায় পদক্ষেপ না নেয়, তবে সংগঠনটিকে হস্তক্ষেপ করতে হবে। 'ধর্ম যার যার, উৎসব সবার', এই স্লোগানের বিরোধিতা করে VHP নেতা বলেন, 'কেবল সনাতনীদেরই হিন্দু সংস্কৃতি, অনুভূতি এবং আধ্যাত্মিকতা রক্ষা করা উচিত।' তিনি আরও বলেন, 'অন্যান্য ধর্মের মানুষ অবশ্যই পুজো মণ্ডপে আসতে পারেন। কিন্তু হিন্দু ধর্মীয় ঐতিহ্য রক্ষার দায়িত্ব একমাত্র হিন্দুদেরই।'