
চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সংযোগ স্থাপনের কাজ দুই ধাপে হবে বলে জানাল কলকাত পুলিশ। প্রস্তাবিত নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের এই গুরুত্বপূর্ণ কাজের প্রথম ধাপ চলবে ১৫ থেকে ১৭ মে এবং দ্বিতীয় ধাপ ২২ থেকে ২৪ মে-র মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজটি মূলত গভীর রাতে, মধ্যরাত থেকে ভোর ৫টার মধ্যে করা হবে, যাতে যানচলাচলে কম প্রভাব পড়ে। প্রথম ধাপে ইএম বাইপাসের উল্টোডাঙ্গাগামী অংশে সংযোগের কাজ হবে। আর দ্বিতীয় ধাপে গড়িয়া ও সায়েন্স সিটিগামী লেনের কাজ সম্পন্ন করা হবে। রাত ১১টা থেকেই কর্মী ও যন্ত্রপাতি মোতায়েন শুরু হবে।
এই কাজের জন্য রেল বিকাশ নিগম লিমিটেড আগেই সময়সূচি জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। ২৪ মে-র মধ্যেই পুরো কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উভয় ধাপের কাজই শুক্রবার, শনিবার ও রবিবার রাখা হয়েছে, যে সময় বাইপাসে যান চলাচল তুলনামূলক কম থাকে। পাশাপাশি, এই সময় স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ায় শহরের ট্রাফিক চাপও কিছুটা কম থাকবে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে ট্রাফিক ডাইভারশন সামলাতে তারা প্রস্তুত থাকবে।
উল্লেখ্য, প্রায় ৩৬৬ মিটার দীর্ঘ ফাঁকা অংশ পূরণ করতে ৩১৭, ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের উপর কংক্রিট ব্লক বসানো হবে। এই কাজের জন্য আরভিএনএল গত বছরের সেপ্টেম্বর থেকেই রাতের ট্রাফিক বন্ধের অনুমতি (NOC) চেয়ে আসছিল।
এদিকে, এই প্রকল্প ঘিরে দেরির জেরে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, জনস্বার্থমূলক প্রকল্পে বিলম্ব করা সাংবিধানিক দায়িত্বে অবহেলার সামিল। রাজ্যের ‘আদর্শ আচরণবিধি’ সংক্রান্ত যুক্তিও খারিজ করে দেয় আদালত।
এর আগে, কলকাতা হাইকোর্টও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল এবং প্রয়োজনীয় ছাড়পত্র দিতে পুলিশকে নির্দেশ দেয়। ইতিমধ্যেই ট্রাফিক পরিস্থিতি বোঝার জন্য একাধিক মহড়াও চালানো হয়েছে।
সব মিলিয়ে, বহু প্রতীক্ষিত এই মেট্রো সংযোগের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থা।