
খাস কলকাতা থেকে গ্রেফতার পাক চর রানা রউফের সহযোগী। পাকিস্তানি চরকে সাহায্যে অভিযোগে তপসিয়া থেকে সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের STF। অভিযুক্ত যুবকের নাম ইমরান হোসেন।
STF আধিকারিকের দাবি, জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টায় রউফকে ইমরান সাহায্য করেছিল বলে অভিযোগ। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে STF। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এক শীর্ষ STF আধিকারিক বলেন, কলকাতায় রউফ যে নেটওয়ার্ক তৈরি করছিল বলে অভিযোগ, তার তদন্তের অংশ হিসেবেই এই গ্রেফতারি।
ওই আধিকারিক বলেন, “তদন্তে উঠে এসেছে, ভারতীয় পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে ইমরান রউফকে সাহায্য করেছিল বলে অভিযোগ। নেটওয়ার্কের অন্য সদস্যদের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উদ্ধার হওয়া নথি এবং অন্যান্য সামগ্রীও যাচাই করা হচ্ছে।”
উল্লেখ্য, গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে রউফকে গ্রেফতার করা হয়েছিল। STF-এর সন্দেহ, সে পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা। তদন্তকারীদের অভিযোগ, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সঙ্গে তার যোগ ছিল এবং নেপালে কয়েক বছর থাকার পর জাল নথি ব্যবহার করে ২০১২ সালে সে ভারতে ঢুকেছিল। STF-এর সন্দেহ, রউফ ভারতীয় সেনাবাহিনী এবং রেলের সঙ্গে সম্পর্কিত তথ্য পাকিস্তানে থাকা তার হ্যান্ডলারদের কাছে পাঠাত।
তদন্তকারীরা জানতে পারেন, নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে কলকাতায় চলে আসে রউফ। ভারতে বসবাসের জন্য আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে একাধিক জরুরি পরিচয়পত্র সে বানিয়ে ফেলে। এমনকী নিজের আসল নাম রানা রউফের অস্তিত্ব মুছে ফেলে। নিজের নাম রাখে ওয়াহাব। তারপর একের পর এক ভারতীয় নথি তৈরি করে। আর সবক্ষেত্রেই কলকাতার তপসিয়ার ঠিকানাই ব্যবহার করেছে সে। অভিযোগ এই নথি বানাতেই তাকে সাহায্য করেছিল ইমরান হোসেন।