
'বাজি ফাটালে অসুখ-বিসুখ দূরে থাকে।' BJP বিধায়ক পাপিয়া অধিকারীর একটি মন্তব্য ঘিরে জোর চর্চা। তাঁর এই মন্তব্যের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, এমনটাই জানিয়েছে চিকিৎসক মহল। নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন পাপিয়া। শিরোনামে থাকা টালিগঞ্জের তারকা বিধায়কের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানেন?
বাঙালি এই অভিনেত্রী ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি BJP-তে যোগদান করেন। সে বছরের বিধানসভা নির্বাচনে তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরাজিত হন। এ বার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে জয়ী হন।
ছাব্বিশের নির্বাচনের আগে কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামায় তিনি স্থাবর ও অস্থাবর সম্পত্তির পাশাপাশিই উল্লেখ করেছিলেন তাঁর শিক্ষাগত যোগ্যতার কথা। পাপিয়া হলফনামায় জানিয়েছেন, তিনি ১৯৮৬ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেছেন।
কালীপুজোর উদ্বোধনে গিয়ে সম্প্রতি টালিগঞ্জের বিধায়ক বলেন, 'আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই। কালীপুজো হবে বাজি হবে না! বাজিটা হোক। তবে যেভাবে আমাদের থানারা নির্দেশ দিয়েছে, সেভাবে হোক।' এরপরই বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন, 'বাজি আমরা ফাটাব। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।' বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। চিকিৎসাবিজ্ঞান বলছে, বাজি পোড়ানোর ফলে তৈরি হওয়া ধোঁয়া শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করতে পারে। এক লাফে বায়ুদূষণ বেড়ে যায়। বিরোধীদের নিশানা, বিধায়কের এই ধরনের মন্তব্য শব্দবাজি ফাটানোয় ইন্ধন জুগিয়েছে।
তবে এটাই প্রথম নয়, পাপিয়া অধিকারীর আগেও একাধিক মন্তব্য খবরের শিরোনামে এসেছে। তিনি মেসিকে একবারের জন্য হলেও পশ্চিমবঙ্গে আনতে চান বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'মেসি দাদা একবারটি যদি আমাদের বাংলায় আসেন। ছোট ছোট ছেলেরা একবার আপনাকে পায়ে বল নিয়ে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। মেসিকে আনলে একমাস রেখে দেব এখানে।' মেসিকে ‘মেসি দাদা’ বলে সম্বোধন করা এবং যেভাবে তিনি আর্জি জানিয়েছিলেন, তা নিয়ে নেটপাড়ায় ব্যাপক ট্রোলিং হয়েছিল।