
কালীপুজোয় বাজি ফাটানো নিয়ে তাঁর করা মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। তিনি বলেছিলেন, 'বাজি ফাটালে অসুখ-বিসুখ দূর হয়।' রবিবার রাতে শব্দবাজির তাণ্ডব ঘিরে একাধিক এলাকা থেকে অভিযোগ এসেছে। বিরোধীদের নিশানা, বিধায়কের এই ধরনের মন্তব্য শব্দবাজি ফাটানোয় ইন্ধন জুগিয়েছে। এই নিয়ে এবার ব্যাখ্যা দিলেন পাপিয়া।
পাপিয়া অধিকারী জানান, এই বিষয়ে পুরনো কিছু কথার প্রচলন রয়েছে। সেটা বোঝাতে গিয়েই তিনি এই মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, 'মূলত এটি আলোর উৎসব, প্রদীপ জ্বালানোর উৎসব। এর উদ্দেশ্য হল, সামাজিক অশুভ শক্তি বা কুপ্রথাগুলিকে নির্মূল করা। অতীতে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের অশুভ বিষয়গুলিকে মোকাবিলা করা হত। তবে বর্তমানে আমরা আতসবাজির যুগে বাস করছি, বিজ্ঞানের এত অগ্রগতির প্রেক্ষাপটে হয়তো সেই পুরনো দৃষ্টিভঙ্গি এখন আর প্রাসঙ্গিক নয়।'
নিজের বাজি ফাটানো নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে নেন পাপিয়া। তিনি বলেন, 'যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করতে প্রস্তুত। ধরে নিন তা প্রত্যাহার করা হল। কিন্তু মূল ধারণাটি এখনও অটুট, সামাজিক অশুভ শক্তিগুলিকে অতীতে নির্মূল করা সম্ভব ছিল, তা এখনও সম্ভব।'
উল্লেখ্য, শনিবার টালিগঞ্জের একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন পাপিয়া অধিকারী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই। কালীপুজো হবে বাজি হবে না! বাজিটা হোক। তবে যেভাবে আমাদের থানারা নির্দেশ দিয়েছে, সেভাবে হোক।' এরপরই বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন, 'বাজি আমরা ফাটাব। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।' বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। চিকিৎসাবিজ্ঞান বলছে, বাজি পোড়ানোর ফলে তৈরি হওয়া ধোঁয়া শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করতে পারে। এক লাফে বায়ুদূষণ বেড়ে যায়। তার থেকে নানা শারীরিক সমস্যা হতে পারে।