
'বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।' কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে এমনটাই বললেন পাপিয়া অধিকারী। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক তুঙ্গে। পাপিয়ার দাবি, বাজি পোড়ালে অসুখ-বিসুখ দূর হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজির ধোঁয়া থেকে বাতাসে একাধিক ক্ষতিকর গ্যাস ও সূক্ষ্ম ধূলিকণা ছড়ায়। সেটি যা মানুষ ও অন্য প্রাণীর শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষত শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টের সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে এই দূষণের যথেষ্ট প্রভাব পড়তে পারে।
শনিবার টালিগঞ্জের একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন পাপিয়া অধিকারী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই। কালীপুজো হবে বাজি হবে না! বাজিটা হোক। তবে যেভাবে আমাদের থানারা নির্দেশ দিয়েছে, সেভাবে হোক।' এরপরই বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন, 'বাজি আমরা ফাটাব। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।'
বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। চিকিৎসাবিজ্ঞান বলছে, বাজি পোড়ানোর ফলে তৈরি হওয়া ধোঁয়া শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করতে পারে। এক লাফে বায়ুদূষণ বেড়ে যায়। তার থেকে নানা শারীরিক সমস্যা হতে পারে।
বাজি পোড়ালে কোন কোন ক্ষতিকর গ্যাস বেরোয়?
আতসবাজিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এর মধ্যে সালফার, নাইট্রেট, বিভিন্ন ধাতব লবণ এবং অক্সিডাইজার থাকে।
বাজি জ্বলার সময় রাসায়নিক বিক্রিয়ার ফলে বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂), নাইট্রোজেন অক্সাইড (NOx) এবং কার্বন মনোক্সাইডের (CO) মতো দূষক তৈরি হতে পারে।
সালফার ডাই-অক্সাইড শ্বাসনালিতে জ্বালাভাব তৈরি করতে পারে। এই কারণেই বেশি বাজি পোড়ানো হলে সেখানে শুকনো কাশির মতো সমস্যা হয়। সাধারণ, সুস্থ ব্যক্তি তাও সাময়িকভাবে সহ্য করে নিতে পারেন। তবে হাঁপানি বা অ্যাজমায় আক্রান্তদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। অন্যদিকে, নাইট্রোজেন অক্সাইড ফুসফুসের ক্ষতি করতে পারে। শ্বাসযন্ত্রের ইনফ্লেমেশন বা প্রদাহ বাড়াতে পারে।
কার্বন মনোক্সাইডও বিষাক্ত গ্যাস। এটি রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছনোর ক্ষমতা কমিয়ে দেয়। বেশি মাত্রায় এই গ্যাস শরীরে ঢুকলে মাথা ঘোরা, মাথাব্যথার মতো সমস্যা হয়। শীতকালে মাঝে মাঝে গ্রামাঞ্চলে বদ্ধ ঘরে উনুন জ্বালিয়ে ঘুমনোয় মৃত্যুর ঘটনা শোনা যায়। সেক্ষেত্রেও কার্বন মনোক্সাইডের প্রভাবেই মৃত্যু হয়। ফলে এই গ্যাস যে কতটা প্রাণঘাতী তা বলাই বাহুল্য়।
শুধু গ্যাসই নয়, বাজির ধোঁয়ায় PM2.5 এবং PM10-এর মতো অতি সূক্ষ্ম ধূলিকণা থাকে। বিশেষত PM2.5 বেশ ক্ষতিকর। এটি শ্বাস-প্রশ্বাসের সময় ফুসফুসের গভীরে প্রবেশ করে। রক্তপ্রবাহেও পৌঁছতে পারে। ফলে শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা, গলা খুসখুসের মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন এই দূষণের সংস্পর্শে থাকলে হৃদ্যন্ত্র ও ফুসফুসের অসুখের ঝুঁকিও বাড়তে পারে।
বাজি নিয়ে এবার বেশ কড়াকড়ি প্রশাসনের
রাজ্যে বিজেপি সরকার কালীপুজোর বেশ কিছুদিন আগে থেকেই বাজি পোড়ানো নিয়ে বেশ কড়াকড়ি করেছে।পরিবেশবান্ধব নিয়ম মানার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাজি পোড়ানো হলেও পরিবেশবান্ধব বাজি ব্যবহার করতে হবে। শব্দবাজি ফাটানো যাবে না।' নির্ধারিত শব্দসীমা এবং সময়সীমা মেনে চলার কথাও জানিয়েছে প্রশাসন।
লালবাজারের তরফেও কালীপুজো উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। কোনওরকম দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেআইনি বাজিও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিটি এলাকায় দমকলবাহিনীকে তৎপর থাকারও নির্দেশ দিয়েছিল নবান্ন।
সব মিলিয়ে একদিকে বাজি পোড়ানো নিয়ে সরকারের কড়াকড়ি ও সচেতনতার প্রচেষ্টা, অন্য়দিকে বিজেপি বিধায়কের এই মন্তব্য, দুই মিলিয়ে চর্চা তুঙ্গে। এ বিষয়ে আপনার কী মতামত? জানান কমেন্টে।