
পর্ণশ্রী থানার অন্তর্গত ইউনিক পার্ক দেবালয়ের একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি,মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন।
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় পর্ণশ্রী থানার পুলিশ।
পুলিশে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে তার দেহ ওই পুকুরে এলো, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতী বারুইপুরে পুকুর থেকে ১২ বছরের মেয়ের নিথর দেহ উদ্ধার ঘিরে গোটা রাজ্যে তোলপাড় চলছে। সেই পুকুর থেকেই এক ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে গত সোমবার। এই ঘটনার সঙ্গে নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। এক ‘প্রত্যক্ষদর্শী’কে নিয়ে বারুইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার করেছিলেন স্থানীয় কয়েক জন যুবক। নাবালিকার কাকা দাবি করেন, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর দেহ বস্তায় ভরে পুকুরের এক জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল। বারুইপুরের সেই পুকুরে সোমবার তল্লাশি অভিযান করছিল পুলিশ। বিকেলে সেখান থেকে এক জনের দেহ মেলে। এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠান হয়।