Advertisement

রবিবার ব্লু লাইনে আংশিক বন্ধ মেট্রো, ফাটল ধরা কবি সুভাষ স্টেশন ভেঙে ঠিক করা হবে

মাত্র ১৫ বছরের মধ্যেই স্টেশনের এই বেহাল অবস্থা সামনে আসায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। কারণ, ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হিসেবে এখন শহিদ ক্ষুদিরাম স্টেশন ব্যবহার হলেও সেখানে ট্রেন ঘোরানোর স্থায়ী ব্যবস্থা নেই। সেই সমস্যার সমাধানেই এবার নতুন রিভার্সাল পয়েন্ট তৈরির কাজ শুরু হচ্ছে।

kolkata metro kolkata metro
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • রবিবার ব্লু লাইনের একাংশে আংশিকভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রো পরিষেবা।
  • শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার ব্লু লাইনের একাংশে আংশিকভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন পরিকাঠামো নির্মাণের কাজের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর ও দমদম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

মেট্রো সূত্রে খবর, বহুদিন ধরে বন্ধ থাকা নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। সেই কারণেই রবিবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘রেক রিভার্সাল’ বা ট্রেন ঘোরানোর নতুন ব্যবস্থা তৈরির কাজ শুরু হবে। এই পরিকাঠামো তৈরি হয়ে গেলে নিউ গড়িয়া স্টেশনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ভাঙার কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ রয়েছে। ২০১০ সালে মহালয়ার দিনে চালু হওয়া এই স্টেশনের বিভিন্ন স্তম্ভে ফাটল ধরা পড়ে। একাধিক পিলার বসে যাওয়া এবং প্ল্যাটফর্ম ধীরে ধীরে দেবে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এরপরই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে আপ ও ডাউন, দুই দিকের মেট্রোই শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলছে।

মাত্র ১৫ বছরের মধ্যেই স্টেশনের এই বেহাল অবস্থা সামনে আসায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। কারণ, ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হিসেবে এখন শহিদ ক্ষুদিরাম স্টেশন ব্যবহার হলেও সেখানে ট্রেন ঘোরানোর স্থায়ী ব্যবস্থা নেই। সেই সমস্যার সমাধানেই এবার নতুন রিভার্সাল পয়েন্ট তৈরির কাজ শুরু হচ্ছে।

মেট্রো সূত্রে খবর, পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার পর নিউ গড়িয়া স্টেশন ফের চালু হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।

অন্যদিকে, রাজ্যে সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পেও গতি এসেছে। শুক্রবার থেকেই শুরু হয়েছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের সংযোগকারী অংশের কাজ।

Advertisement

এই নির্মাণকাজের জন্য টানা দুই সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। পুলিশ জানিয়েছে, দু’দফায় ৬০ ঘণ্টা করে কাজ চলবে এবং এই সময়ে ইএম বাইপাসের নির্দিষ্ট কিছু অংশ দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

 

Read more!
Advertisement
Advertisement