Advertisement

কলকাতার অলি-গলিতে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা, পুরসভায় প্রস্তাব

বিশ্বের উন্নত শহর যেমন লন্ডন, নিউইয়র্ক এবং সিঙ্গাপুর-এর আদলে কলকাতাকেও আরও নিরাপদ ও ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

ভারতের শহরে লাগানো সিসিটিভির ফুটেজ যাচ্ছে পাকিস্তানেভারতের শহরে লাগানো সিসিটিভির ফুটেজ যাচ্ছে পাকিস্তানে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 12:23 PM IST
  • শহরবাসীর নিরাপত্তা আরও জোরদার করতে কলকাতা জুড়ে সিসি ক্যামেরা নজরদারি বাড়ানোর প্রস্তাব উঠল পুরসভায়।
  • কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই বিষয়ে উদ্যোগের কথা জানান ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়।

শহরবাসীর নিরাপত্তা আরও জোরদার করতে কলকাতা জুড়ে সিসি ক্যামেরা নজরদারি বাড়ানোর প্রস্তাব উঠল পুরসভায়। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই বিষয়ে উদ্যোগের কথা জানান ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়। তিনি জানান, জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা ও রাস্তা রক্ষণাবেক্ষণের মতো নাগরিক পরিষেবায় পুরসভা ইতিমধ্যেই দক্ষতার পরিচয় দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরজুড়ে নজরদারি ব্যবস্থাকে আরও উন্নত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রূপক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সিসিটিভি বসিয়েছে, যা যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে কার্যকর ভূমিকা নিচ্ছে। এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, স্কুল-কলেজের আশপাশ, পার্ক এবং জনবহুল এলাকায় উচ্চমানের সিসি ক্যামেরা ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট বাজেট বরাদ্দের প্রস্তাবও রাখা হয়েছে। পাশাপাশি, স্থানীয় পুলিশ ও পুরসভার মধ্যে তথ্য আদানপ্রদানের জন্য একটি সমন্বিত ব্যবস্থাও গড়ে তোলার কথা বলা হয়েছে। এতে অপরাধ দমন এবং নজরদারি আরও কার্যকর হবে বলে মত তাঁর।

জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরোর তথ্য অনুযায়ী, কলকাতা দেশের অন্যতম নিরাপদ শহর। তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে নজরদারি আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে পুরসভা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে বহু সিসিটিভি বসানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও বসানো হবে।

বিশ্বের উন্নত শহর যেমন লন্ডন, নিউইয়র্ক এবং সিঙ্গাপুর-এর আদলে কলকাতাকেও আরও নিরাপদ ও ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement