
'পার্টি কাউকে ভোলেনি...।' রাজ্যসভায় দল তাঁকে মনোনীত করতেই এমন মন্তব্য করলেন রাহুল সিনহা। আসন্ন ১৬ মার্চের রাজ্যসভা নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গ থেকে BJP প্রার্থী। তাঁর মতে, BJP-র এই সিদ্ধান্তই প্রমাণ করছে, দীর্ঘদিন ধরে যাঁরা দলের সঙ্গে যুক্ত, যাঁরা কাজ করে চলেছেন, দল তাঁদের যোগ্য সম্মান দেবে।
রাজ্যসভা প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের মুোখমুখি হয়ে রাহুল সিনহা বলেন, 'পার্টি সর্বত্র মেসেজ দিয়েছে। পার্টির বিভিন্ন ক্ষেত্রে যে কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছে অথচ দায়িত্ব পাচ্ছে না, তাঁদের কাছে একটি বার্তা গেল। পার্টি নজর রাখছে। পার্টি কাউকে ভোলেনি। আমার এই দায়িত্ব পাওয়ার পর তাঁদের মধ্যে আশার আলো সঞ্চারিত হবে। তাঁরাও কোনও না কোনওদিন লাইমলাইটে আসবেন, দায়িত্ব পাবেন। আমি কখনও হতাশ হইনি। অহংকার কোনওভাবেই যাতে আমার মনে বাসা না বাঁধে, সেটাই আসল।'
এখানেই শেষ নয়, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা আরও বলেন, 'নানা সময়ে নানা লোক আমায় বলেছেন, আপনার এটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত। প্রকাশ্যে শমীক ভট্টাচার্যই বলেছিলেন, আমি না পেয়ে রাহুলদা রাজ্যসভার মনোনয়ন পেলে ভাল হত। কিন্তু আমি মনে করেছিলাম, শমীক পাওয়া আর আমার পাওয়ার মধ্যে কোনও তফাৎ নেই। শমীকের মনোনয়নে ছুটে গিয়েছিলাম। কারণ আমরা এমন ভাবেই বড় হয়েছি, ও পেলেও আমি আছি, আমি পেলেও ও আছে। তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, BJP পার্টি কাউকে ফেলে দেয় না। উপযুক্ত সময়, উপযুক্ত পদক্ষেপ নেয়। এটাই তার প্রমাণ।'