
গোটা বাংলা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে চলতি সপ্তাহে। নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্তের চোখরাঙানি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ০.৯ কিমি সমুদ্রপৃষ্ঠের উপরে রয়েছে সেই ঘূর্ণাবর্তটি। পাশাপাশি মৌসুমী বায়ু বইছে ফিরোজপুর, রোহতক, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জ এবং দিঘার উপর দিয়ে। যা ক্রমশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে দেড় থেকে ৫.৮ কিমি সমুদ্রপৃষ্ঠের উপরে। এই ওয়েদার সিস্টেমগুলির যৌথ প্রভাবে আগামী ৪ দিন প্রবল বৃষ্টিপাত হবে বাংলায়।
দক্ষিণবঙ্গে জারি অ্যালার্ট
বৃহস্পতিবার সন্ধের পর থেকে অতিভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। জারি কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত চলছে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলিতে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
শুক্রবারও হলুদ সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।
শনিবার হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইবে ঝোড়ো হাওয়া।
রবিবারও ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়েই। হলুদ সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদে।
সোমবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে কোথায় কবে বৃষ্টি?
শুক্রবার দুই দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি হলুদ সতর্কতা। শনিবার একই পরিস্থিতি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। সোমবার থেকে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টিপাত।